‘ব্যথা নিয়েই সারেগামাপা করেছি’, অস্ত্রোপচারের পর কেমন আছেন গায়িকা জোজো?

On: Wednesday, May 20, 2026 1:28 PM
---Advertisement---

কয়েক দিন আগেই অসুস্থ ছেলেকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তিনি। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। এ বার নিজেকেই হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়-কে। সোমবার তাঁর অস্ত্রোপচার হয়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন গায়িকা।

দীর্ঘ দিনের শারীরিক সমস্যার কারণেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন জোজো। বহু বছর আগে একটি শুটিংয়ের সময় পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি। সেই আঘাত থেকেই হিপ জয়েন্টে সমস্যা তৈরি হয়েছিল। সময়ের সঙ্গে যন্ত্রণা বাড়লেও কাজ থামাননি শিল্পী।

জোজো বলেন, “হিপ জয়েন্টে র‌্যাপচার হয়। যার ফলে অনেক দিন ধরেই যন্ত্রণায় ভুগছিলাম। তা নিয়েই শুটিং করেছি সারেগামাপা-র। এমনকি, শো করতে গিয়ে চোটের উপরে চোট লেগেছিল। ব্যথা কমার ওষুধ, ইঞ্জেকশন নিয়ে চালিয়েছি। লাঠি নিয়ে শুটিংও করেছিলাম। তাই শেষমেষ অস্ত্রোপচার করাতেই হল।”

শুধু টেলিভিশন শো নয়, লাইভ অনুষ্ঠানও চালিয়ে গিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, যখন অস্ত্রোপচার ছাড়া আর কোনও উপায় ছিল না বলেই মনে করছেন চিকিৎসকেরা।

অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল রয়েছেন গায়িকা। হাসপাতাল থেকেই তিনি জানিয়েছেন, “যাই হোক, এখন আমি অনেকটাই সুস্থ আছি। হাসপাতালেই রয়েছি আপাতত।”

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আরও কয়েক দিন তাঁকে হাসপাতালে থাকতে হবে। সম্ভবত শুক্রবার ছাড়া পেতে পারেন। তবে এখনই হাঁটার অনুমতি নেই। সম্পূর্ণ বিশ্রামেই থাকতে হবে তাঁকে।

কাজের ব্যস্ততার মাঝেই এই অস্ত্রোপচার হওয়ায় কিছুটা স্বস্তিতেও রয়েছেন জোজো। তাঁর কথায়, “তবে এখন চিন্তার কোনও কারণ নেই। আর আর এক দিকে নিশ্চিন্ত যে এই সময় কাজের চাপও কম থাকে। বাইরে শো-এর চাপ থাকে না। অনুষ্ঠান কম হয়। তাই বিশ্রাম নিতে পারব।”

অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে ফের মঞ্চে ফিরবেন, এখন সেই অপেক্ষাতেই অনুরাগীরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now