স্মার্টফোন কেনার সময় অনেকেই ক্যামেরা, ব্যাটারি বা ডিজ়াইনের দিকে নজর দেন। কিন্তু ডিভাইসের আসল শক্তি লুকিয়ে থাকে তার প্রসেসরে। ফোন কত দ্রুত কাজ করবে, গেম খেলতে গিয়ে ল্যাগ করবে কি না, কিংবা এআই-ভিত্তিক ফিচার কতটা মসৃণ হবে— সবটাই নির্ভর করে এই প্রসেসারের উপর। আর সেই কারণেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসার নিয়ে আলাদা আগ্রহ দেখা যায়।
বর্তমানে বাজারে স্ন্যাপড্রাগনের একাধিক সিরিজ়ের প্রসেসার রয়েছে। তবে সব প্রসেসার সব ধরনের কাজের জন্য নয়। ব্যবহার অনুযায়ী সঠিক সিরিজ় বেছে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সবচেয়ে শক্তিশালী ধরা হয় স্ন্যাপড্রাগনের ৮ সিরিজ়কে। এই তালিকায় রয়েছে ৮ জ়েন ৫ এবং ৮ এলিটের মতো উন্নত প্রসেসর। যাঁরা স্মার্টফোনে ভারী কাজ করেন, যেমন ভিডিও এডিটিং, এআই-ভিত্তিক অ্যাপ ব্যবহার বা উচ্চমানের ফটোগ্রাফি— তাঁদের জন্য এই সিরিজ় আদর্শ। ৪কে বা ৮কে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রেও দুর্দান্ত পারফরম্যান্স দেয় এই প্রসেসর। পাশাপাশি দীর্ঘক্ষণ গেম খেললেও তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা রয়েছে এর।
গেমিংপ্রেমীদের কাছেও ৮ সিরিজ় বিশেষ জনপ্রিয়। বিডিএমআই কিংবা জেনশিন ইমপ্যাক্টের মতো হাই-গ্রাফিক্স গেম অনায়াসে চালানো যায় এই প্রসেসরে। দীর্ঘ সময় ধরে সফটওয়্যার আপডেট পাওয়ার সুবিধাও থাকছে।
অন্য দিকে, যাঁরা মাঝারি বাজেটে ভাল পারফরম্যান্স চান, তাঁদের জন্য রয়েছে স্ন্যাপড্রাগনের ৭ সিরিজ়। ৭এস জ়েন ৪, ৭ জ়েন ৪ কিংবা ৭ জ়েন ৩-র মতো প্রসেসরকে প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ ‘অলরাউন্ডার’ বলে মনে করছেন। গেমিং, ক্যামেরা পারফরম্যান্স এবং দৈনন্দিন ব্যবহারের মধ্যে ভারসাম্য বজায় রাখে এই সিরিজ়। বিশেষ করে যাঁদের স্মার্টফোনে ছবি তোলার ঝোঁক বেশি, তাঁদের জন্য ৭ সিরিজ়ের প্রসেসর বেশ কার্যকর।
তবে সবার প্রয়োজন এক নয়। অনেকেই ফোন ব্যবহার করেন মূলত সমাজমাধ্যম, সিনেমা দেখা বা সাধারণ কাজের জন্য। তাঁদের কথা মাথায় রেখেই স্ন্যাপড্রাগনের ৬ সিরিজ়ের প্রসেসর বাজারে এনেছে কোয়ালকম। এই সিরিজ়ের ফোন তুলনায় কম দামের হলেও নিত্যদিনের কাজ নির্বিঘ্নে সামলে নিতে পারে। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স বা ইউটিউব ব্যবহারে সমস্যা হয় না। ব্যাটারি ব্যাকআপও সাধারণত ভাল পাওয়া যায়।
তবে ভারী গেমিংয়ের ক্ষেত্রে ৬ সিরিজ় কিছুটা পিছিয়ে। উচ্চ গ্রাফিক্সে গেম চালাতে গেলে সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে কম সেটিংসে খেলতে হয় ব্যবহারকারীকে।
ফলে ফোন কেনার আগে শুধু ব্র্যান্ড নয়, প্রসেসারের সিরিজ়ও দেখে নেওয়া জরুরি। কারণ, আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক প্রসেসরই ঠিক করে দেবে ডিভাইসের আসল অভিজ্ঞতা।








