আগামীকাল মাধ্যমিকের ফলপ্রকাশ, অনলাইনে রেজাল্ট দেখবেন কীভাবে? কখন পাবেন মার্কশিট? জানুন খুঁটিনাটি 

On: Thursday, May 7, 2026 10:56 PM
---Advertisement---

অপেক্ষার অবসান হতে চলেছে। হাতে আর মাত্র কয়েকটা ঘণ্টা, তার পরেই সামনে আসবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আগামীকাল অর্থাৎ শুক্রবার সকালেই প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিকের রেজাল্ট। পর্ষদ সূত্রে খবর, সকাল সাড়ে ৯টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, যা চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে ৯ লক্ষ। পর্ষদ জানিয়েছে, সভাপতির ঘোষণার ঠিক পরেই সকাল ১০টা ১৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পাবে। অন্যদিকে, সকাল সাড়ে ১০টা থেকে ক্যাম্প অফিসগুলি থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিতরণের কাজ শুরু হবে, যা সংগ্রহ করবে স্কুল কর্তৃপক্ষ।

কী ভাবে দেখবেন ফলাফল?
পরীক্ষার্থীদের সুবিধার জন্য পর্ষদ কয়েকটি সহজ ধাপ জানিয়েছে। প্রথমে পর্ষদের নিজস্ব ওয়েবসাইট www.wbbse.wb.gov.in বা www.wbbsedata.com-এ লগ ইন করতে হবে। এরপর হোমপেজে দেওয়া রেজাল্টের লিঙ্কে ক্লিক করে নিজেদের রোল নম্বর এবং জন্মতারিখ দিলেই স্ক্রিনে ভেসে উঠবে প্রাপ্ত নম্বর। ভবিষ্যতের প্রয়োজনে রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখা ভালো।

ভবিষ্যতের লক্ষ্যে স্থির হওয়ার সময়:
ফলাফল প্রকাশের আগে পড়ুয়াদের মধ্যে মানসিক চাপ থাকা স্বাভাবিক। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সময়টা অহেতুক দুশ্চিন্তা না করে শান্ত থাকা প্রয়োজন। মাধ্যমিক জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটিই শেষ কথা নয়। বরং রেজাল্ট যা-ই হোক না কেন, আগামী দিনে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে কর্মজীবন এবং উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে, সেই পরিকল্পনা করাই এখন বেশি জরুরি।

সাফল্যের আনন্দ যেমন থাকবে, তেমনই কাঙ্ক্ষিত ফল না হলেও ভেঙে পড়ার কিছু নেই। নতুন উদ্যমে আগামী দিনগুলোতে এগিয়ে যাওয়াই এখন সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীর প্রধান লক্ষ্য হওয়া উচিত।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now