নির্বাচনী প্রচারে যাঁকে ঘিরে উচ্ছ্বাসে ভেসেছিল বারাকপুর, ফল ঘোষণার পর সেই রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-কেই গণনাকেন্দ্র ছাড়ার সময় শুনতে হয়েছিল ‘চোর চোর’ স্লোগান। এমনকি অভিযোগ, তাঁর দিকে ছোড়া হয়েছিল কাদা এবং চটিও। যদিও সেই পরিস্থিতিতেও সংযম হারাননি পরিচালক-রাজনীতিক। হাসিমুখেই এলাকা ছেড়েছিলেন তিনি। আর ফল প্রকাশের চার দিন পর এল তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ঘোষণা।
রাজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৬-এর পর তাঁর রাজনৈতিক সফর শেষ। গণমাধ্যমের সামনে তিনি বলেন, “জীবনে যখনই কোনও দায়িত্ব পেয়েছি সেটা নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করেছি। চেষ্টা করেছি নিজের সবটুকু দেওয়ার। একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে সবসময় আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কখনও জিতেছি, কখনও হেরেছি।”
২০২১ সালে সক্রিয় রাজনীতিতে পা রেখেছিলেন রাজ। তারপর পাঁচ বছর বিধায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন। কিন্তু এবারের নির্বাচনে পরাজয়ের পর তিনি বুঝিয়ে দিলেন, আর রাজনীতির ময়দানে দেখা যাবে না তাঁকে। তাঁর কথায়, “২০২১ থেকে আমার রাজনৈতিক জীবনে পদার্পণ। মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। পরবর্তী পাঁচ বছর সেভাবেই বিধায়কের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। সেই অধ্যায় শেষ হল ২০২৬-এ। সেই সঙ্গে শেষ হল রাজনৈতিক জীবনের পথচলা।”
View this post on Instagram
রাজনৈতিক বিদায়ের বার্তার পাশাপাশি নতুন সরকারকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বাংলার মানুষের রায়কে সম্মান জানিয়ে রাজ বলেন, “বাংলার মানুষের মতামতে বাংলায় নতুন সরকার এসেছে। আগামী ৯ মে তাঁরা শপথ নেবেন। তাঁদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করব, আপনাদের হাত ধরে পশ্চিমবঙ্গ উন্নতির পথে এগিয়ে যাবে। মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।”
পরিচালক হিসেবে দীর্ঘদিনের পরিচিত মুখ রাজ চক্রবর্তী রাজনীতিতেও একসময় চর্চার কেন্দ্রে ছিলেন। তবে এবারের নির্বাচনের ফল এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহের মধ্যেই তাঁর এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে।








