দীর্ঘদিন ধরেই বলিউডে চর্চার কেন্দ্রে রয়েছে ‘ইনশাআল্লাহ’ (Inshallah)। মাঝপথে থেমে যাওয়া এই ছবিকে ঘিরে আবার নতুন করে আশার আলো দেখছেন অনুরাগীরা। শোনা যাচ্ছে, পরিচালক সঞ্জয় লীলা বনসালি (Sanjay Leela Bhansali) নাকি ছবিটি ফের শুরু করার কথা ভাবছেন, তবে কাস্টিংয়ে আসতে পারে বড় পরিবর্তন।
প্রথমদিকে এই ছবির মুখ্য ভূমিকায় থাকার কথা ছিল আলিয়া ভাট (Alia Bhatt) এবং সলমন খান (Salman Khan)-এর। কিন্তু সৃজনশীল মতবিরোধের জেরে সেই পরিকল্পনা ভেস্তে যায়। ফলত ছবির কাজই আর এগোয়নি।
এখন বলিপাড়ার অন্দরে নতুন জল্পনা— সলমনের জায়গায় নাকি ভাবা হচ্ছে শাহরুখ খান (Shah Rukh Khan)-কে। এমনও শোনা যাচ্ছে, শুরু থেকেই এই চরিত্রের জন্য ভন্সালীর পছন্দ ছিলেন শাহরুখ। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি পরিচালক বা অভিনেতা— দুই পক্ষই নীরব।
ছবিটি বন্ধ হয়ে যাওয়ার নেপথ্যে কী ঘটেছিল, তার খানিকটা ইঙ্গিত দিয়েছিলেন প্রোডাকশন ডিজ়াইনার রুপিন সূচক। তাঁর কথায়, “ভাগ্য ভাল বা খারাপ যে, ছবির কাজটা শুরু হয়নি। কারণ এর মধ্যেই একটা বড় সমস্যা হয় এবং সলমন সেট ছেড়ে চলে যান।” তিনি আরও জানান, “সলমন আর ভন্সালী একসঙ্গে কাজ করতে চাননি। আমি ভন্সালীর সঙ্গে এক বছর ধরে সেটের পরিকল্পনা করেছি। আমরা প্রায় তিন মাস আমেরিকায় লোকেশন খুঁজেছি।”
এই ছবির জন্য হৃত্বিক রোশন (Hrithik Roshan)-এর নামও একসময় সামনে এসেছিল, কিন্তু সেই সম্ভাবনাও বাস্তবায়িত হয়নি।
চিত্রনাট্যের দিক থেকে ‘ইনশাআল্লাহ’ একটি ভিন্ন স্বাদের প্রেমের গল্প— যেখানে এক তরুণী ও এক বয়স্ক পুরুষের সম্পর্ককে কেন্দ্র করে এগোয় কাহিনি। সূত্রের দাবি, গত কয়েক বছরে একাধিকবার ভন্সালী ও শাহরুখের মধ্যে এই ছবিকে ঘিরে আলোচনা হয়েছে। এমনকি অভিনেতার আগ্রহও নাকি রয়েছে প্রকল্পটিতে যুক্ত হওয়ার।
তবে সবটাই আপাতত জল্পনার স্তরে। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ‘ইনশাআল্লাহ’ নিয়ে এই অনিশ্চয়তা কাটবে কি না, সেটাই এখন দেখার।







