IPL ম্যাচে টিকিট কেলেঙ্কারি! বৈধ পাস নিয়েও স্টেডিয়ামে ঢুকতে পারলেন না ডিডিসিএ কর্তা

On: Friday, April 10, 2026 8:41 PM
---Advertisement---

আইপিএলের মতো বড় মঞ্চে টিকিট জালিয়াতির অভিযোগ নতুন নয়। কিন্তু এবার সেই অভিযোগ উঠল খোদ ক্রিকেট প্রশাসনের অন্দর থেকেই। বৈধ টিকিট হাতে নিয়েও স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে থাকতে হল এক রাজ্য সংস্থার কর্তাকে। ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে পুরো ব্যবস্থাপনার উপরেই।

ঘটনাটি ঘটে দিল্লিতে আয়োজিত দিল্লি বনাম মুম্বই ম্যাচে। Delhi and District Cricket Association-র ডিরেক্টর আনন্দ বর্মা অভিযোগ করেছেন, তিনি ও তাঁর আত্মীয়েরা হসপিটালিটি বক্সের বৈধ টিকিট নিয়েই ম্যাচ দেখতে গিয়েছিলেন। কিন্তু প্রবেশদ্বারে পৌঁছনোর পরই বাধা দেওয়া হয় তাঁদের।

নিরাপত্তারক্ষীদের দাবি, যে টিকিট দেখানো হচ্ছে, তার বারকোড ইতিমধ্যেই স্ক্যান হয়ে গিয়েছে। অর্থাৎ, সেই টিকিট ব্যবহার করে অন্য কেউ আগে ঢুকে পড়েছেন। ফলে আর প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়। এই ঘটনাতেই কার্যত হতবাক হয়ে যান আনন্দ বর্মা।

ঘটনার পর তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর বক্তব্য, সংস্থার ভিতরের ব্যবস্থাপনা যে গুরুতর সমস্যায় ভুগছে, এই ঘটনা তারই প্রমাণ। তিনি প্রশ্ন তুলেছেন, কীভাবে অচেনা ব্যক্তি ভিআইপি বা হসপিটালিটি এলাকায় ঢুকে পড়ছে এবং আসল টিকিটধারীরাই বঞ্চিত হচ্ছেন।

আনন্দের আরও অভিযোগ, আইপিএলের টিকিট সংক্রান্ত দায়িত্বে থাকা কর্তৃপক্ষও কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এমনকি সংস্থার শীর্ষ আধিকারিকদের কাছ থেকেও পরিষ্কার উত্তর মেলেনি বলে দাবি তাঁর।

যদিও অভিযোগ পুরোপুরি মানতে নারাজ Delhi and District Cricket Association-র সচিব অশোক শর্মা। তাঁর দাবি, “দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যেই প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়েছে। কখনও সখনও স্ক্যানারে বারকোড স্ক্যান হতে সমস্যা হয়।”

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আইপিএলের মতো বড় টুর্নামেন্টে টিকিট ব্যবস্থাপনা কতটা নিরাপদ? প্রযুক্তিগত ত্রুটি, নাকি সংগঠনের গাফিলতি—তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now