বিয়ের মাত্র দেড় মাসের মধ্যেই ‘দুই থেকে তিন’—এই ঘোষণা ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে। পোস্টটি করেছিলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। স্বাভাবিকভাবেই অনেকেই ভেবেছিলেন, সুখবর দিতে চলেছেন তিনি। অনুরাগীদের একাংশ শুভেচ্ছা জানাতেও শুরু করেন।
সম্প্রতি স্বামী বিজয় দেবরকোন্ডা এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ‘হানিমুন’-এর বদলে ‘বাডিমুন’-এ গিয়েছিলেন রশ্মিকা। সেখান থেকে ফেরার পরই এই চমকপ্রদ পোস্ট। আর তাতেই জল্পনা তুঙ্গে ওঠে।
তবে বিষয়টি মোটেই তেমন নয়, যতটা প্রথমে মনে হয়েছিল। রশ্মিকার ঘনিষ্ঠ অনুরাগীরা দ্রুতই বুঝে ফেলেন, এটি আসলে অন্য এক প্রসঙ্গ। কয়েক মাস আগে তিনি সমাজমাধ্যমে একটি আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন—‘রশ্মিকা অ্যান্ড রু’। সেখানে তাঁর সঙ্গে একটি অ্যানিমেটেড সূর্যমুখী চরিত্র ‘রু’-কে দেখা যায়। সেই ‘রু’-ই এই ঘোষণার অন্যতম কেন্দ্র।
সাম্প্রতিক ভিডিয়োতে রশ্মিকা ও বিজয়ের পাশাপাশি সেই সূর্যমুখী চরিত্রটিকেও দেখা যায়। অর্থাৎ, তাঁদের সৃজনশীল জগতে এখন নতুন সমীকরণ—রশ্মিকা, রু এবং বিজয়। এই ত্রয়ীকেই ‘দুই থেকে তিন’ হওয়ার ইঙ্গিত হিসেবে তুলে ধরেছেন অভিনেত্রী।
উল্লেখ্য, জনপ্রিয় কনটেন্ট প্ল্যাটফর্মের সহযোগিতায় এই অ্যানিমেটেড সিরিজ় তৈরি হয়েছে। রশ্মিকার ব্যক্তিত্ব, তাঁর ইতিবাচক ভাবনা এবং অ্যানিমে-প্রেম থেকেই এই উদ্যোগের সূচনা। তিনি আগেই জানিয়েছিলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়াতে চান।
যদিও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল, তবু বিষয়টি পরিষ্কার হতেই অনুরাগীদের মধ্যে নতুন কৌতূহল তৈরি হয়েছে এই প্রজেক্ট ঘিরে। প্রসঙ্গত, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রশ্মিকা ও বিজয়। পরে হায়দরাবাদে হয় তাঁদের প্রীতিভোজ। আপাতত দু’জনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, পাশাপাশি নতুন এই সৃজনশীল উদ্যোগ নিয়েও উৎসাহী।








