জম্মু-কাশ্মীরের গান্ডেরবাল জেলায় ফের জঙ্গি দমন অভিযানে নেমেছে নিরাপত্তাবাহিনী। আরাহামা এলাকায় গোপন সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পাওয়ার পর মঙ্গলবার রাতেই যৌথ অভিযান শুরু করে সেনা, পুলিশ ও সিআরপিএফ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর মিলতেই দ্রুত গোটা এলাকা ঘিরে ফেলে বাহিনী। তল্লাশি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি বাড়ি থেকে আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এর পরেই শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই, যা রাতভর চলে।
চিনার কর্পস (Chinar Corps) জানিয়েছে, অভিযানের সময় এক জঙ্গিকে খতম করা হয়েছে। বুধবার সকালে ঘটনাস্থল থেকে তার দেহ উদ্ধার করা হয়। তবে নিরাপত্তা বাহিনীর অনুমান, ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে ছিল এবং অন্ধকারের সুযোগে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
OP ARAHAMA : Update
During the night of 31 Mar 26, the cordon was tactically reorganised amidst the intermittent firing underway. Own troops effectively retaliated with calibrated response resulting in one terrorist eliminated.
Operation is in progress.#Kashmir@adgpi…
— Chinar Corps🍁 – Indian Army (@ChinarcorpsIA) April 1, 2026
সেই কারণে বুধবার সকাল থেকেও আরাহামা এবং সংলগ্ন এলাকায় জোরদার তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেনা সূত্রে খবর, অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং জঙ্গিদের খোঁজ না পাওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশপাশের এলাকাগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও সম্প্রতি উরিতে অনুপ্রবেশের চেষ্টা চালাতে গিয়ে সেনার সঙ্গে সংঘর্ষে এক পাকিস্তানি জঙ্গির মৃত্যু হয়। ফলে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ নিয়ে উদ্বেগ ফের বাড়ছে।





