ভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। শনিবার কলকাতা (Kolkata)-তে বসে তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে চার্জশিট পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দুর্নীতি, সীমান্তে অনুপ্রবেশ, জনবিন্যাস পরিবর্তন— একাধিক ইস্যুতে শাসকদলকে নিশানা করেন তিনি।
দিন গড়াতেই পালটা জবাব দিল তৃণমূল (All India Trinamool Congress)। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে ‘মোটা ভাই, জবাব চাই’ শিরোনামে ১৫ পাতার একটি চার্জশিট পেশ করেন দলের নেতারা। উপস্থিত ছিলেন ব্রাত্য বসু (Bratya Basu), মহুয়া মৈত্র (Mahua Moitra) এবং কীর্তি আজাদ (Kirti Azad)।
ব্রাত্য বসু সরাসরি পালটা দিয়ে বলেন, “এসআইআর আপনাদের চক্রান্ত। তৃণমূলের কফিনে পেরেক ঠুকতে চাইছেন, আমরা ওই পেরেক উপড়ে নেব। আপনি যা যা অভিযোগ তুলেছেন, তার প্রতিটা উত্তর আমরা প্রস্তুত রেখেছি।”

সাংবাদিক বৈঠকের শুরুতেই নারী নিরাপত্তার প্রশ্ন তুলে বিজেপিকে আক্রমণ শানান তৃণমূল নেতৃত্ব। ব্রাত্য বসুর কথায়, “আপনাদের শাসিত রাজ্যগুলিতে নারীসুরক্ষার অবস্থা কী? মহারাষ্ট্র, রাজস্থান, মণিপুর নিয়ে কিছু বলেন না কেন? উন্নাও, হাথরসের ঘটনা ভুলে গেছেন? ধর্ষকদের মালা পরিয়ে আনার রাজনীতি আপনারাই করেন। আপনাদের মুখে নারী সুরক্ষার কথা মানায় না।”
অমিত শাহর ‘অনুপ্রবেশকারী’ মন্তব্যেরও কড়া জবাব দেন তিনি। ব্রাত্যর বক্তব্য, “আমরা ভয়ে আছি— দিল্লিতে আবার গাড়ি বোমা, সংসদে হামলা, পহেলগাঁওয়ের মতো ঘটনা ঘটবে না তো? এসব ঘটনায় কারা জড়িত, তাদের নাম প্রকাশ্যে আনছেন না কেন? বাংলার ক্ষেত্রেই শুধু অনুপ্রবেশের কথা বলা হচ্ছে কেন? ডেমোগ্রাফি বদলের কথা বলছেন— তা হলে কি বাংলাকে গুজরাট বানাতে চান?”
তৃণমূলের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৩৫ পাতার চার্জশিটের জবাব দিতে তাদের ১৫ পাতার নথিই যথেষ্ট। ভোটের আগে এই চার্জশিট-পাল্টা চার্জশিটের লড়াইয়ে রাজনৈতিক ময়দান যে আরও উত্তপ্ত হবে, তা বলাই বাহুল্য।






