হাওড়া-বর্ধমান মেইন লাইনের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল Eastern Railway। রিষড়ায় আন্ডারপাস নির্মাণের কাজে পাওয়ার ব্লকের কারণে শনিবার রাত ১০টা ৪০ মিনিট থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে এই শাখায় ট্রেন চলাচল। ফলে রাতভর একাধিক রুটে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, হুগলির রিষড়া এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা মেটাতে আন্ডারপাস তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। সেই কাজ এগিয়ে নিয়ে যেতেই এই সাময়িক পরিষেবা বন্ধের সিদ্ধান্ত। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে হাওড়া-বর্ধমান মেন লাইনের পাশাপাশি হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর এবং হাওড়া-আরামবাগ শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
রিষড়া শহরের পূর্ব ও পশ্চিম অংশকে সংযোগকারী রেলগেট দীর্ঘদিন ধরেই নিত্যযাত্রীদের দুর্ভোগের কারণ। স্টেশনের সামনে অবস্থিত এই গেট বন্ধ হলেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় পথচারী ও যানবাহনকে। স্থানীয়দের মতে, এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে আন্ডারপাসের দাবি বহু পুরনো।
২০০৯ সালে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই কাজ বাস্তবের পথে। রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই আন্ডারপাস চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
রেল কর্তৃপক্ষ আগেই বাতিল ট্রেনগুলির তালিকা প্রকাশ করেছে। যাত্রীদের বিকল্প ব্যবস্থা নিয়ে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। রাতভর পরিষেবা বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে বলেই মনে করছেন অনেকেই।





