গবেষণার জগতে প্রবেশের সুযোগ খুঁজছেন তরুণরা? তাঁদের জন্য নতুন দরজা খুলল হাওড়ার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ হবে Anusandhan National Research Foundation-এর অর্থানুকূল্যে পরিচালিত একটি গবেষণা প্রকল্পের জন্য।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীকে একটি বিশেষ গবেষণায় যুক্ত থাকতে হবে, যেখানে ম্যাগনেটো ইলেক্ট্রোকেটালিটিক পদ্ধতিতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের সহ-রিডাকশন করে ইউরিয়া উৎপাদনের প্রক্রিয়া নিয়ে কাজ করা হবে। প্রকল্পটির নেতৃত্বে রয়েছেন ড. উত্তম কুমার ঘড়াই। সহ-গবেষক হিসেবে যুক্ত রয়েছেন প্রফেসর রঞ্জিত থাপা এবং ড. অভিজিৎ বেরা।
আবেদনকারীদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাও জানানো হয়েছে। কেমিস্ট্রি বা অ্যাপ্লায়েড কেমিস্ট্রিতে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি আবশ্যিক। পাশাপাশি NET বা GATE উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইলেক্ট্রো-কেমিস্ট্রি বিষয়ে অভিজ্ঞতা থাকলে তা বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
বেতন কাঠামোর দিক থেকেও এই পদটি আকর্ষণীয়। নির্বাচিত প্রার্থী প্রথম দুই বছর মাসিক ৩৭ হাজার টাকা ভাতা পাবেন। পরবর্তীতে কাজের মূল্যায়নের ভিত্তিতে তাঁকে সিনিয়র রিসার্চ ফেলো (SRF) হিসেবে উন্নীত করা হলে তৃতীয় বছরে মাসিক ভাতা বেড়ে হবে ৪২ হাজার টাকা। এর সঙ্গে নিয়ম অনুযায়ী বাড়িভাড়া ভাতা দেওয়া হবে। প্রকল্পের মোট সময়কাল তিন বছর।







