কোটি কোটি কর্মীর জন্য এল বড় স্বস্তির খবর। প্রভিডেন্ট ফান্ড (EPFO) থেকে টাকা তুলতে আর লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না এবং জটিল ধাপও পেরোতে হবে না। কেন্দ্রের উদ্যোগে ইপিএফ উত্তোলন আরও সহজ হতে চলেছে। খুব শিগগির পুরো প্রক্রিয়া ডিজিটাল হবে এবং এর সরাসরি সুফল পাবেন দেশের প্রায় আট কোটি কর্মচারী।
সরকার এবং ইপিএফও পিএফ ব্যবস্থাকে দ্রুত এবং সুবিধাজনক করতে একাধিক বড় সিদ্ধান্ত নিচ্ছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ২০২৬ সালের এপ্রিল থেকে ইউপিআই (UPI) ব্যবহারে ইপিএফ থেকে টাকা তোলা যাবে। শ্রম মন্ত্রকের অভিমত হল পিএফ উত্তোলন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হওয়া উচিত। তাই ইউপিআই যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
নতুন ব্যবস্থায় গ্রাহক নিজের ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন। এর জন্য ব্যবহার করা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইউপিআই পিন। টাকা ব্যাঙ্কে পৌঁছলে সেই অর্থ দিয়ে ইউপিআই লেনদেন এটিএম থেকে উত্তোলন কিংবা ডেবিট কার্ডে খরচ সবই করা যাবে।
জানা গেছে ইপিএফে (EPFO) জমা মোট টাকার একটি অংশ ফ্রিজ অবস্থায় থাকবে অর্থাৎ সেই অংশ তোলা যাবে না। তবে বাকি অনুমোদিত অংশ সরাসরি গ্রাহকের ব্যাঙ্কে পৌঁছবে ইউপিআই পেমেন্ট গেটওয়ে দিয়ে। গ্রাহক তাঁর ইপিএফ অ্যাকাউন্টে দেখতেই পারবেন ঠিক কত টাকা উত্তোলনের যোগ্য।
ইপিএফ ব্যবস্থাকে সহজ করার জন্য ইতিমধ্যে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তোলনের সীমা বাড়ানো হয়েছে এবং আবেদন প্রক্রিয়ার সময় কমানো হয়েছে। চলতি বছর থেকেই এটিএমের মাধ্যমে পিএফ উত্তোলনের সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে।
বর্তমানে ইপিএফ থেকে টাকা তুলতে আবেদন করতে হয় এবং অনেক ক্ষেত্রেই সেই প্রক্রিয়া সময়সাপেক্ষ। যদিও কিছু ক্ষেত্রে অটো সেটলমেন্টে তিন দিনের মধ্যেই টাকা পাওয়া যায়। এখন সেই অটো সেটলমেন্টের সীমা এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে। চিকিৎসা শিক্ষা বিয়ে বা বাড়ি নির্মাণের মতো প্রয়োজনে আবেদন করলে তিন দিনের মধ্যেই টাকা হাতে পাওয়া সম্ভব। এই ব্যবস্থা চালু হলে দেশের প্রায় আট কোটি গ্রাহক সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
১, ইপিএফ থেকে ইউপিআই ব্যবহারে টাকা তোলা কবে শুরু হবে?
২০২৬ সালের এপ্রিল মাস থেকে এই নতুন ব্যবস্থার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
২, এই পরিবর্তনে কারা উপকৃত হবেন?
দেশের প্রায় আট কোটি ইপিএফ গ্রাহক সরাসরি উপকৃত হবেন।
৩, ইউপিআই দিয়ে ইপিএফের টাকা কোথায় যাবে?
গ্রাহকের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এবং তারপর সেই টাকা সাধারণ লেনদেনে ব্যবহার করা যাবে।
৪, সম্পূর্ণ জমা টাকা কি তোলা যাবে?
সম্পূর্ণ টাকা তোলা যাবে না একটি অংশ ফ্রিজ অবস্থায় থাকবে বাকি অনুমোদিত অংশ গ্রাহক তুলতে পারবেন।
৫, বর্তমানে অটো সেটলমেন্টে কত টাকা পাওয়া যায়?
নতুন সিদ্ধান্ত অনুযায়ী অটো সেটলমেন্টের সীমা পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এবং প্রয়োজনে তিন দিনের মধ্যে টাকা পাওয়া সম্ভব।





