ভারী বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, ধসের জেরে আটকে বহু পর্যটক, এখনও বৃষ্টির সম্ভাবনা! জারি সতর্কতা

On: Wednesday, March 25, 2026 11:58 AM
---Advertisement---

অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম-এর একাংশ। বিশেষ করে উত্তর সিকিমে একাধিক জায়গায় ধস নামায় যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ফলে লাচেনমুখী রাস্তায় আটকে পড়েছেন বহু পর্যটক।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গ্যাংটক থেকে লাচেন এবং চুংথাং থেকে লাচেন যাওয়ার পথে একাধিক জায়গায় ধস নামে। এর জেরে লাচেনের উদ্দেশে রওনা হওয়া পর্যটকেরা চুংথাং এলাকায় আটকে পড়েছেন। সংখ্যাটা শতাধিক বলেই প্রাথমিক অনুমান।

জেলাশাসক অনন্ত জৈন জানিয়েছেন, ধস সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং যত দ্রুত সম্ভব রাস্তা চালু করার চেষ্টা চলছে। আটকে পড়া পর্যটকদের অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে আইটিবিপি শিবির এবং স্থানীয় গুরুদ্বারে।

লাচেনের পথে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। বহু গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আবহাওয়া কিছুটা অনুকূলে এলেই পর্যটকদের যাতায়াতের অনুমতি দেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে লাচুংমুখী রাস্তায় যে ধস নেমেছিল, তা ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে। ফলে ওই দিক থেকে আটকে পড়া পর্যটকেরা ধীরে ধীরে গ্যাংটকের দিকে ফিরছেন।

অন্যদিকে, আবহাওয়ার পূর্বাভাস পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি চলবে। ২৭ মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ২৮ ও ২৯ মার্চ এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now