দেশজুড়ে কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে বড়সড় নিয়োগের ঘোষণা করল Indian Railways। রেল মন্ত্রকের অধীন রিক্রুটমেন্ট বোর্ডের তরফে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (এএলপি) পদে মোট ১১,১২৭ জন কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি ঘিরে চাকরিপ্রার্থীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ৩০ বছর বয়সি প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও রাখা হয়েছে একাধিক সুযোগ। দশম শ্রেণি উত্তীর্ণদের পাশাপাশি প্রার্থীদের অবশ্যই National Council for Vocational Training অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, অটোমোবাইল, ইনস্ট্রুমেন্টেশন বা সমতুল্য ট্রেডে আইটিআই শংসাপত্র থাকতে হবে। এছাড়াও ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
নিযুক্ত প্রার্থীদের প্রাথমিক বেতন নির্ধারণ করা হয়েছে মাসে ১৯,৯০০ টাকা। চাকরির ক্ষেত্রে কলকাতা, মালদহ, শিলিগুড়ি থেকে শুরু করে ভুবনেশ্বর-সহ দেশের বিভিন্ন শহরে কাজের সুযোগ মিলবে বলে জানানো হয়েছে।
নিয়োগ প্রক্রিয়াটি একাধিক ধাপে সম্পন্ন হবে। প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। তার পর থাকবে অ্যাপটিটিউড টেস্ট, ডকুমেন্ট যাচাই এবং মেডিক্যাল পরীক্ষা। সব ধাপ সফলভাবে উত্তীর্ণ হলেই চূড়ান্ত নিয়োগের সুযোগ পাবেন প্রার্থীরা।
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১৫ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ১৪ জুন পর্যন্ত। বিস্তারিত তথ্য ও নির্দেশিকা জানতে প্রার্থীদের রেল রিক্রুটমেন্টের সরকারি ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।







