বিয়ের তিন বছর পার, শুটিং সেটে ফের ‘নতুন করে’ প্রেমে পড়লেন পরিণীতি

On: Monday, March 23, 2026 10:51 AM
---Advertisement---

বিয়ের তিন বছর পার হয়েছে। এখন তিনি এক সন্তানের মা। তবু প্রেম যেন এখনও টাটকা। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্ট শেয়ার করেছেন, যা দেখে অনুরাগীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। শুটিং সেট থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন, কখনও কখনও সহকর্মীর প্রতিও ভালোলাগা জন্মাতে পারে। আর সেই ছবিতেই লুকিয়ে ছিল আসল ইঙ্গিত।

অভিনেত্রীর শেয়ার করা ছবিটি ছিল তাঁর ভ্যানিটি ভ্যানের। সেখানে স্পষ্ট দেখা যায় আরেকটি নাম, রাঘব চাড্ডা (Raghav Chadha)। অর্থাৎ স্বামীই যখন কোনও কাজে সহকর্মী হয়ে ওঠেন, তখন তাঁর প্রতিই নতুন করে ভালোলাগা তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়—এমনটাই যেন মজার ছলে বুঝিয়ে দিয়েছেন পরিণীতি। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই স্টোরি।

পরিণীতি চোপড়ার ইনস্টা স্টোরি

এই পোস্ট ঘিরে অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি বাস্তব জীবনের পর এবার পর্দাতেও একসঙ্গে দেখা যেতে পারে এই দম্পতিকে? যদিও এর আগে একসঙ্গে টেলিভিশন শোতে হাজির হতে দেখা গিয়েছিল তাঁদের। গত বছর জনপ্রিয় কমেডি অনুষ্ঠান The Great Indian Kapil Show-তে অতিথি হিসেবে এসে নিজেদের সম্পর্কের নানা মজার মুহূর্ত শেয়ার করেছিলেন তাঁরা। সেই সময় তাঁদের পারস্পরিক বোঝাপড়া ও দাম্পত্য রসায়ন দর্শকদের নজর কেড়েছিল।

 

View this post on Instagram

 

সোশ্যাল মিডিয়ায় স্বামীকে নিয়ে পরিণীতির স্নেহমাখা পোস্ট নতুন কিছু নয়। সম্প্রতি সংসদের উচ্চকক্ষ রাজ্য সভায় দাঁড়িয়ে ঋতুকালীন স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাঘব চাড্ডা। তাঁর দাবি, এখনও বহু স্কুলপড়ুয়া কিশোরী স্যানিটারি প্যাড, পরিষ্কার জল এবং শৌচালয়ের অভাবে মাসের কয়েকটি দিন স্কুলে যেতে পারে না। এই সমস্যাকে দয়ার বিষয় হিসেবে নয়, বরং মৌলিক অধিকার হিসেবে দেখা উচিত বলেও তিনি মত দেন। সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে স্বামীকে ‘হিরো’ বলে উল্লেখ করেছিলেন পরিণীতি।

তাঁদের সম্পর্কের শুরু অবশ্য আরও আগে। শোনা যায়, লন্ডনে পড়াশোনার সময়ই একে অপরের কাছাকাছি আসেন পরিণীতি ও রাঘব। দীর্ঘদিন সেই সম্পর্ক আড়ালেই ছিল। পরে ২০২৩ সালের মে মাসে আচমকাই বাগদানের ছবি প্রকাশ করে চমকে দেন তাঁরা। একই বছরের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুর শহরে ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন এই জুটি।

 

View this post on Instagram

 

পরিবারে নতুন সদস্যও এসেছে। গত বছরের ১৯ অক্টোবর তাঁদের সন্তানের জন্ম হয়। ছোট্ট নীরকে নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে এই সেলেব দম্পতির। মাঝেমধ্যেই ছেলের জীবনের ছোট ছোট মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। ফলে পরিণীতির সাম্প্রতিক পোস্টও অনেকের কাছে যেন সেই ভালোবাসারই আরেকটি ঝলক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now