আর দিতে হবে না লাইন, কীভাবে ঘরে বসেই গ্যাস বুকিং করবেন? বড় স্বস্তির খবর দিল ইন্ডেন-এইচপি

On: Thursday, March 19, 2026 9:20 AM
---Advertisement---

রান্নার গ্যাস পাওয়ার ব্যবধান ২১ দিন থেকে বেড়ে ২৫ দিন হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মনে দুশ্চিন্তা বাড়ছে। একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—সময়ে গ্যাস মিলবে তো? বিভিন্ন জায়গায় গ্যাস এজেন্সির সামনে লম্বা লাইন, কোথাও আবার হুড়োহুড়ির ছবি—সব মিলিয়ে পরিস্থিতি বেশ চাপের।

তবে এই উদ্বেগের মাঝেই আশ্বাস দিচ্ছে তেল সংস্থাগুলি। তাদের দাবি, এখন আর এজেন্সিতে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। মোবাইল ফোন ব্যবহার করেই খুব সহজে ঘরে বসে গ্যাস রিফিল বুক করা সম্ভব।

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক ডিজিটাল এবং ফোনভিত্তিক পরিষেবা চালু করা হয়েছে। এর ফলে বুকিং প্রক্রিয়া যেমন সহজ হয়েছে, তেমনই সময়ও বাঁচছে।

ইন্ডেন গ্যাস বুকিংয়ের নম্বর

Indian Oil Corporation-এর রান্নার গ্যাস পরিষেবা Indane-এর ক্ষেত্রে ‘মিসড কল বুকিং’ পদ্ধতি বিশেষভাবে জনপ্রিয় করা হচ্ছে। নির্দিষ্ট মোবাইল নম্বর থেকে ৮৯২৭২২৫৬৬৭ নম্বরে একটি মিসড কল দিলেই বুকিং প্রক্রিয়া শুরু হয়ে যায়। পাশাপাশি আইভিআরএস ব্যবস্থাও রয়েছে। ৮৩৯১৯৯০০৭০ নম্বরে ফোন করে নির্দেশ মেনে সিলিন্ডার বুক করা যাবে। এই পরিষেবা ২৪ ঘণ্টাই চালু থাকে বলে জানানো হয়েছে।

এইচপি গ্যাস বুকিংয়ের নম্বর

অন্যদিকে Hindustan Petroleum-এর HP Gas গ্রাহকদের জন্য রয়েছে এসএমএস বুকিংয়ের সুবিধা। রেজিস্টার্ড নম্বর থেকে BOOK লিখে ৮৮৮৮৮২৩৪৫৬ অথবা ৯৪৯৩৬০২২২২ নম্বরে পাঠালেই বুকিং নথিভুক্ত হয়ে যাবে। সংস্থার দাবি, এই পদ্ধতি দ্রুত এবং নির্ভরযোগ্য।

এই সব ব্যবস্থার ফলে এখন এলপিজি সিলিন্ডার বুকিং অনেকটাই সহজ হয়ে উঠেছে। কয়েকটি ধাপেই বুকিং সম্পন্ন করা যাচ্ছে, ফলে ডিলারশিপে ভিড় কমানোর সুযোগ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে গ্যাস তুলতে গিয়ে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। জেলাগুলিতে সরবরাহ ঘাটতির কথাও সামনে এসেছে। এই পরিস্থিতিতে তেল সংস্থাগুলির তরফে ডিজিটাল বুকিংয়ের উপর জোর দেওয়া—আতঙ্ক কমাতে এবং ভিড় নিয়ন্ত্রণে রাখতে কার্যকর হতে পারে বলেই মনে করছেন অনেকেই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now