Mobile Data Tax: প্রতি GB ডেটায় ১ টাকা করের ভাবনা! আরও দামি হতে পারে মোবাইল ইন্টারনেট

On: Wednesday, March 18, 2026 10:09 AM
Mobile data tax proposal in India internet may become costlier
---Advertisement---

Mobile Data Tax: ভারতে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সামনে আসতে পারে বড় পরিবর্তন। নতুন একটি প্রস্তাব অনুযায়ী, মোবাইল ডেটা ব্যবহারের উপর কর বসানো নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে, যা কার্যকর হলে ইন্টারনেট ব্যবহারের খরচ আরও বাড়তে পারে।

সূত্রের খবর, মোবাইলে ব্যবহৃত প্রতি জিবি ডেটার উপর ১ টাকা করে কর বসানোর প্রস্তাব জমা পড়েছে। কেন্দ্রীয় সরকার বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে এবং চলতি বছরের মধ্যেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে টেলিকম সেক্টর নিয়ে একটি বিশেষ পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন্স মোবাইল ডেটার উপর কর আরোপের এই প্রস্তাব তুলে ধরে। পাশাপাশি এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরকে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

সরকারি সূত্রের মতে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল টেলিকম সেক্টরের রাজস্ব বৃদ্ধি এবং মোবাইল ডেটার অতিরিক্ত বা নেতিবাচক ব্যবহারে কিছুটা নিয়ন্ত্রণ আনা। বর্তমানে মোবাইল ডেটা ব্যবহারের ক্ষেত্রে ভারত বিশ্বের শীর্ষ দেশগুলির মধ্যে অন্যতম।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ৮০ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ২২৯ বিলিয়ন জিবি মোবাইল ডেটা ব্যবহার করেছেন। অথচ এই বিপুল ডেটা ব্যবহারের উপর সরাসরি কোনও কর থেকে সরকারের আয় হয় না। মূলত স্পেকট্রাম নিলাম এবং লাইসেন্স ফি থেকেই রাজস্ব আসে।

যদি প্রতি জিবি ডেটার উপর ১ টাকা কর কার্যকর হয়, তাহলে বছরে প্রায় ২২ হাজার ৯০০ কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত আয় হতে পারে সরকারের। তবে এর প্রভাব পড়বে সাধারণ গ্রাহকদের পকেটেও।

উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি দিনে প্রায় ২ জিবি ডেটা ব্যবহার করেন, তাহলে মাসে প্রায় ৬০ জিবি ডেটা খরচ হবে। সেই হিসেবে অতিরিক্ত প্রায় ৬০ টাকা কর দিতে হতে পারে। এর সঙ্গে বর্তমান ১৮ শতাংশ GST আলাদা ভাবে যুক্ত থাকবে।

গত কয়েক বছরে টেলিকম সংস্থাগুলি একাধিকবার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। তার উপর যদি মোবাইল ডেটার উপর নতুন কর বসে, তাহলে ভবিষ্যতে ইন্টারনেট ব্যবহারের খরচ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now