ছোটপর্দার পরিচিত মুখ সুস্মিতা রায় আবারও খবরের শিরোনামে। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নতুন কিছু নয় তাঁর ক্ষেত্রে। স্বামী সব্যসাচীর সঙ্গে বিচ্ছেদ হোক কিংবা পরে সায়ককে ঘিরে সম্পর্কের জটিলতা, বারবার আলোচনায় উঠে এসেছে তাঁর নাম। যদিও এখন অভিনয় জগৎ থেকে খানিকটা দূরে সরে গিয়ে নিজের ব্যবসা ও ভ্লগিংয়েই বেশি মন দিয়েছেন তিনি।
গত কয়েক দিন ধরে ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলেন সুস্মিতা। বিয়ের প্রস্তুতি থেকে শুরু করে নানা রীতি রেওয়াজ, সবই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন ভ্লগের মাধ্যমে। তবে সেই আনন্দঘন পরিবেশের আড়ালেই লুকিয়ে ছিল বড় চমক। ভাইয়ের বিয়ের পরই যে নিজেও বিয়ের সিদ্ধান্ত নেবেন, তা কেউ আঁচ করতে পারেননি।
মঙ্গলবার নিজের ফেসবুক হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে দ্বিতীয়বার বিয়ের খবর জানান তিনি। ৩৬ বছর বয়সে নতুন করে সংসার শুরুর কথা জানিয়ে আবেগঘন বার্তাও লেখেন। মাতৃত্বের ইচ্ছার কথা স্পষ্ট করে তুলে ধরে তিনি জানান, দীর্ঘদিনের এই আকাঙ্ক্ষা আর চাপা দিয়ে রাখার শক্তি তাঁর নেই। তাই নতুন জীবনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন।

এক সময় অভিনেতা ও ইউটিউবার সায়কের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। তবে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সেই সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছে বলে জানা যায়। বর্তমানে তাঁদের মধ্যে কোনও যোগাযোগ নেই বলেই সূত্রের খবর।
সুস্মিতার এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটমাধ্যমে। অনেকেই সামাজিক বাধা উপেক্ষা করে মাতৃত্বের স্বপ্ন পূরণের সাহসী পদক্ষেপ হিসেবে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। আবার কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন। পোস্ট করা ছবিতে কারও মুখ স্পষ্ট না থাকায় বিয়ের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। পাশাপাশি নতুন জীবনসঙ্গী কে, তা নিয়েও ধোঁয়াশা বজায় রেখেছেন অভিনেত্রী। সব মিলিয়ে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করলেও রহস্য আর কৌতূহল দুটোই সমান তালে ঘিরে রেখেছে সুস্মিতা রায়কে।







