হঠাৎই বড় সিদ্ধান্ত রিয়াধের। প্রভাব পড়তে পারে ভারতের রফতানিতে।
Saudi Arabia Poultry Import Ban: সৌদি আরবের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি সম্পূর্ণভাবে ভারত-সহ ৪০টি দেশ থেকে পোল্ট্রি ও টেবিল ডিম আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে। পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চল থেকে আংশিক নিষেধাজ্ঞাও জারি হয়েছে।
সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি জানিয়েছে, বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিস্থিতি এবং ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূল লক্ষ্য জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
সংস্থার মতে, প্রাণিজ রোগ বিশেষত উচ্চ সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণের ঝুঁকি কমাতেই এই কড়া ব্যবস্থা। আন্তর্জাতিক রিপোর্ট এবং মহামারী পরিস্থিতির নিয়মিত পর্যালোচনার ভিত্তিতে নিষিদ্ধ দেশের তালিকা তৈরি করা হয়েছে।
ভারত ছাড়াও আফগানিস্তান, বাংলাদেশ, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, দক্ষিণ আফ্রিকা, চিন, ইরাক, ভিয়েতনাম, নেপাল, মিশর, জাপান, ব্রিটেন-সহ একাধিক দেশ এই পূর্ণ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে।
অন্যদিকে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, পোল্যান্ড, ফ্রান্স, কানাডা, মালয়েশিয়া-সহ ১৬টি দেশের নির্দিষ্ট প্রদেশ বা শহর থেকে আমদানিতে আংশিক বিধিনিষেধ জারি হয়েছে।
তবে একটি ছাড়ের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। যথাযথ তাপ প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রস্তুত এবং অনুমোদিত স্বাস্থ্যবিধি মেনে তৈরি পোল্ট্রি পণ্যের ক্ষেত্রে এই সাময়িক নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
সৌদি প্রশাসন স্পষ্ট করেছে, বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতির পরিবর্তন অনুযায়ী এই তালিকা নিয়মিত হালনাগাদ করা হবে। ফলে ভবিষ্যতে নতুন দেশ যুক্ত হওয়া বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।






