Yuvasathi Scheme West Bengal: মাত্র পাঁচ দিনেই চমকে দেওয়ার মতো পরিসংখ্যান সামনে এল। রাজ্যের যুবসমাজের বিপুল সাড়া ফেলেছে যুবসাথী প্রকল্প।
১৬ ফেব্রুয়ারি থেকে নাম নথিভুক্তিকরণ শুরু হতেই বিভিন্ন জেলায় ভিড় বাড়তে থাকে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী বহু তরুণ-তরুণী সরাসরি শিবিরে গিয়ে আবেদন জমা দিচ্ছেন। ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে সহজ প্রক্রিয়ার ফলে অংশগ্রহণ আরও বেড়েছে বলে প্রশাসনের দাবি।
২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মোট আবেদন জমা পড়েছে ৪২,৪৪,৬৫৭টি। শুধু ওই দিনেই নতুন আবেদন এসেছে ৬,১৬,০২১টি।
জেলা ভিত্তিক পরিসংখ্যানে শীর্ষে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে মোট আবেদন ৪,৪৩,৫১৮। একদিনেই জমা পড়েছে ৬৯,৬২৩টি নতুন আবেদন। ১৮ ফেব্রুয়ারির হিসাব অনুযায়ী, দু’দিনের ব্যবধানে মুর্শিদাবাদকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করে এই জেলা।
মুর্শিদাবাদে মোট আবেদন ৪,৩৯,৪৭৫। উত্তর ২৪ পরগনায় ২,৯৬,৯২০টি আবেদন জমা পড়েছে।
এরপরের তালিকায় রয়েছে বাঁকুড়া ২,৩০,৫৭৬। পুরুলিয়া ২,২৮,৫১৭। নদিয়া ২,২৮,২৯৩। হুগলি ২,২১,৯৭৬। পূর্ব মেদিনীপুর ২,১৬,৫৪০। পূর্ব বর্ধমান ২,০২,৩৬৪। পশ্চিম মেদিনীপুর ২,০২,২৮৫। হাওড়া ১,৯৭,৪২০।
উত্তরবঙ্গেও যথেষ্ট সাড়া মিলেছে। কোচবিহারে আবেদন ১,৫৩,৫৭৪। জলপাইগুড়িতে ১,৪৪,৪৮২। উত্তর দিনাজপুরে ১,২৭,২২৪ এবং দক্ষিণ দিনাজপুরে ৯১,২০৬টি আবেদন জমা পড়েছে। আলিপুরদুয়ারে ৮৩,৮৫২ এবং দার্জিলিংয়ে ৭৪,৪৬৪টি আবেদন হয়েছে। সবচেয়ে কম আবেদন এসেছে কালিম্পং থেকে, ১২,৪০৬টি।
কলকাতায় মোট আবেদনকারীর সংখ্যা ১,০১,৯২৯।
সরকারের বক্তব্য, ডিজিটাল পরিষেবা এবং আর্থিক সহায়তার আওতায় যুবসমাজকে আনতেই এই উদ্যোগ। আবেদন প্রক্রিয়া চলতে থাকায় সংখ্যাটি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।






