Defence Budget 2026: ‘চোখ রাঙালে বিপদ বাড়বে’, প্রতিরক্ষা খাতে রেকর্ড ৭.৮ লক্ষ কোটি টাকার বরাদ্দ

On: Monday, February 2, 2026 8:08 AM
Indian army budget 2026
---Advertisement---

Defence Budget 2026 : সীমান্তে উত্তেজনা, প্রতিবেশী দেশগুলির আগ্রাসী মনোভাব এবং বদলে যাওয়া ভূ-রাজনৈতিক পরিস্থিতির মাঝেই বাজেট বক্তৃতায় স্পষ্ট বার্তা দিল কেন্দ্র— চোখ রাঙালে তার জবাব দিতে প্রস্তুত ভারত।

Budget 2026 বক্তৃতায় অর্থমন্ত্রী ঘোষণা করলেন, ২০২৬-২৭ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে রেকর্ড ৭.৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। গত অর্থবর্ষে যেখানে প্রতিরক্ষা বাজেট ছিল ৬.৮১ লক্ষ কোটি টাকা, সেখানে এবার একলাফে প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

প্রতিবেশী দেশগুলির সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এই সিদ্ধান্তের নেপথ্যে বড় কারণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা, ধর্মীয় হিংসার অভিযোগে ভারতের বিরুদ্ধে অপপ্রচার এবং চিনের তরফে অরুণাচল প্রদেশ নিয়ে আগ্রাসী মন্তব্য—সব মিলিয়েই প্রতিরক্ষা প্রস্তুতিতে আপসহীন হওয়ার বার্তা দিল কেন্দ্র।

আধুনিকীকরণে বিশেষ জোর
প্রতিরক্ষা সরঞ্জামের আধুনিকীকরণের জন্য এবার পুঁজি ব্যয় বা ক্যাপিটাল আউটলে হিসেবে বরাদ্দ করা হয়েছে ২.১৯ লক্ষ কোটি টাকা। গত বছর এই খাতে বরাদ্দ ছিল ১.৮০ লক্ষ কোটি টাকা। অর্থাৎ প্রায় ২১.৮ শতাংশ বৃদ্ধি। নতুন যুদ্ধাস্ত্র, উন্নত যুদ্ধবিমান, আধুনিক অস্ত্রব্যবস্থা কেনাতেই এই অর্থ ব্যয় হবে।

অপারেশন সিঁদুর ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট
২০২৫ সালে পহেলগাঁও হামলার জবাবে চালানো ‘অপারেশন সিঁদুর’-এর পর এই বাজেট বৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এই বাজেট দেশের সুরক্ষা ও স্বনির্ভরতার মধ্যে ভারসাম্য বজায় রাখবে।

আত্মনির্ভর ভারতেই জোর
প্রতিরক্ষা বাজেটের একটি বড় অংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক অস্ত্র ও সরঞ্জাম কেনার জন্য বরাদ্দ করা হয়েছে। এর ফলে, মাজাগাঁও ডক, ভারত ইলেকট্রনিক্সের মতো সরকারি সংস্থার পাশাপাশি একাধিক বেসরকারি প্রতিরক্ষা স্টার্টআপও লাভবান হবে বলে আশা।

শুল্ক ছাড়ে সুবিধা
বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতি (MRO) পরিষেবাকে আরও প্রতিযোগিতামূলক করতে বিমানের যন্ত্রাংশ তৈরির কাঁচামালের উপর থেকে বেসিক কাস্টমস ডিউটি তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এর ফলে ভারতে MRO শিল্পের প্রসার ঘটবে বলে মনে করা হচ্ছে।

কোন কোন ক্ষেত্রে খরচ হবে এই টাকা?
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, বর্ধিত বরাদ্দের বড় অংশ ব্যয় হবে—
চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয়ে,
নৌবাহিনীর জন্য আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন নির্মাণে,
উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়,
ড্রোন প্রযুক্তি ও অত্যাধুনিক আর্টিলারি গান কেনায়।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাজেট প্রসঙ্গে বলেছেন, “অপারেশন সিঁদুরের ঐতিহাসিক সাফল্যের পর এই বাজেট আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সংকল্পকে নতুন করে জোরদার করল।”

বিশেষজ্ঞদের মতে, এই রেকর্ড বরাদ্দের ফলে ভারতীয় সেনাবাহিনী আরও প্রযুক্তি-নির্ভর, আধুনিক এবং কার্যকর হয়ে উঠবে। সীমান্ত সুরক্ষা থেকে আন্তর্জাতিক কৌশলগত অবস্থান—সব ক্ষেত্রেই এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now