রাজ্যের মহিলাদের জন্য আরও একটি আর্থিক সহায়তা প্রকল্প চালুর পথে সরকার। মঙ্গলবার নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘অন্নপূর্ণা যোজনা’ নামে নতুন প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে যোগ্য মহিলাদের। আগামী ১ জুন থেকেই এই প্রকল্প কার্যকর হওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে যারা ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধাভোগী, তাঁদের সরাসরি নতুন প্রকল্পের আওতায় আনা হবে। অর্থাৎ, আলাদা করে নতুন করে আবেদন না করেও বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত।
এই প্রকল্পের টাকা সরাসরি DBT ব্যবস্থার মাধ্যমে সুবিধাভোগীর আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। ফলে নগদ লেনদেন বা মধ্যস্থতাকারীর ভূমিকা থাকছে না।
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, সেই বিষয়েও একাধিক শর্ত স্পষ্ট করেছে সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন, যদি তাঁরা স্থায়ী সরকারি কর্মচারী হিসেবে বেতন বা পেনশন না পান এবং আয়করদাতা না হন।
তবে শুধুমাত্র যোগ্যতার তালিকাই নয়, কাদের নাম বাদ পড়বে, সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। মৃত, স্থানান্তরিত বা ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়া SIR-2026-এ বাদ পড়া ব্যক্তিরা এই সুবিধা পাবেন না। পাশাপাশি, যাঁদের ‘অনুপস্থিত ভোটার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে বা ASDD ক্যাটেগরিতে ফেলা হয়েছে, তাঁদের নামও প্রকল্পের তালিকা থেকে বাদ যেতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যাঁরা SIR ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে আবেদন করেছেন, তাঁদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর্থিক সহায়তা স্থগিত থাকবে।
সরকার জানিয়েছে, ১ জুন থেকেই নতুন আবেদনকারীদের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করা হবে। আবেদনকারীদের তথ্য যাচাইয়ের দায়িত্ব থাকবে জেলা প্রশাসন অথবা কলকাতা পুরনিগমের অনুমোদিত আধিকারিকদের উপর। জেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলাশাসক এবং কলকাতা পুর এলাকার ক্ষেত্রে পুর কমিশনার চূড়ান্ত অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন।
এর আগে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করেছিলেন, জুন মাস থেকেই মহিলারা এই প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। মঙ্গলবারের বিজ্ঞপ্তি সেই ঘোষণাকেই কার্যত সরকারি সিলমোহর দিল।






