ভোটের মুখে বড় প্রশ্নের সামনে বাংলার নির্বাচন প্রক্রিয়া। ট্রাইব্যুনালে আবেদন করা বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার আদৌ কার্যকর হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে।
সোমবার এসআইআর ও মোথাবাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত (Surya Kant) স্পষ্ট ভাষায় জানান, “ট্রাইব্যুনালের আবেদনকারীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
জানা গিয়েছে, আদালতে শুনানির সময় তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) দাবি তোলেন, ইতিমধ্যেই প্রায় ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। সেই আবেদনকারীদের ভোটদানের সুযোগ দেওয়ার আর্জি জানান তিনি। তবে সেই প্রস্তাব খারিজ করে প্রধান বিচারপতি বলেন, “যদি এই অনুমতি দেওয়া হয়, তাহলে যাঁদের নাম ইতিমধ্যেই ভোটার তালিকায় রয়েছে, তাঁদের ভোটাধিকারও স্থগিত করতে হবে।”
আদালত আরও জানায়, এই ধরনের সিদ্ধান্ত নিলে আপিল ট্রাইব্যুনালের উপর বাড়তি চাপ তৈরি হতে পারে। “আমরা এমন পরিস্থিতি তৈরি করতে পারি না,” মন্তব্য প্রধান বিচারপতির। পাশাপাশি আপিল প্রক্রিয়া স্থগিত রাখার দাবিও আদালতের সামনে রয়েছে বলে উল্লেখ করা হয়।
এদিকে, রাজ্যে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। ইতিমধ্যেই দুই দফার ভোটার তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে। নির্বাচন সংক্রান্ত নিয়ম অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যাঁদের নাম তালিকায় রয়েছে, কেবল তাঁরাই ভোট দিতে পারবেন।
ফলে ট্রাইব্যুনালে বিচারাধীন আবেদনকারীদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, সেখানেই পরিস্থিতি আরও স্পষ্ট হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।






