বিধানসভা নির্বাচনে জয়ের পর পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে শুক্রবার কলকাতায় আসছেন অমিত শাহ (Amit Shah)। বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন থেকে শুরু করে নতুন সরকারের শপথ—দু’দিনের ব্যস্ত কর্মসূচি নিয়েই রাজ্যে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
দলীয় সূত্রে খবর, শুক্রবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকেই চূড়ান্ত হবে মুখ্যমন্ত্রীর নাম। সেই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্বে থাকবেন অমিত শাহ নিজে। তাঁর সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে থাকবেন Mohan Charan Majhi। বিজেপির অন্দরের রীতি অনুযায়ী, নির্বাচনের পরে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে আলোচনা করেই পরিষদীয় দলনেতা নির্বাচন করা হয়। এ বার সেই সিদ্ধান্তের সঙ্গেই স্থির হয়ে যাবে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীও।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের প্রকাশিত সূচি অনুযায়ী, শুক্রবার সকালেই দিল্লি থেকে রওনা দেবেন শাহ। দুপুর নাগাদ কলকাতায় পৌঁছে নিউ টাউনের একটি হোটেলে একাধিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সম্ভাব্য মন্ত্রীদের নাম, পরিষদীয় দলের রূপরেখা এবং সরকারের প্রথম দফার পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান।
এ বারের নির্বাচনের পরে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। এতদিন বিরোধী আসনে থাকা বিজেপি এবার বিধানসভায় সরকারপক্ষের ভূমিকায়। ফলে পরিষদীয় দলনেতা নির্বাচন ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে রাজনৈতিক কৌতূহল। কে হচ্ছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী, তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে।
শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালেই সেখানে পৌঁছনোর কথা অমিত শাহের। রাজনৈতিক মহলের ধারণা, দুপুরের মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথপর্ব শেষ হবে। অনুষ্ঠান মিটিয়ে সেদিনই দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে বিজেপি সরকারের সূচনা ঘিরে তাই এখন কার্যত রাজনৈতিক উৎসবের আবহ তৈরি হয়েছে।





