বালিগঞ্জে বামেদের নতুন মুখ, কে এই আফরিন বেগম?

On: Thursday, March 19, 2026 5:44 PM
---Advertisement---

বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পরই নজর কাড়ল একটি নাম—আফরিন বেগম। খাস কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্র বালিগঞ্জে তাঁকেই প্রার্থী করেছে সিপিআইএম (CPIM)। সম্প্রতি নির্বাচন কমিশনের বৈঠকে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও শমীক লাহিড়ীর-র পাশে দেখা গিয়েছিল এই তরুণ মুখকে। তখন থেকেই রাজনৈতিক মহলে তাঁর উপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়েছিল, যা এবার প্রার্থী ঘোষণার মাধ্যমে স্পষ্ট রূপ পেল।

আফরিন বেগম মূলত কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা অঞ্চলের সংগঠনের সঙ্গে যুক্ত। ছাত্রজীবন থেকেই বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে ধীরে ধীরে সংগঠনের ভিতরে নিজের জায়গা তৈরি করেছেন। বর্তমানে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক হিসেবেও কাজ করছেন, যা তাঁর বৌদ্ধিক ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই সক্রিয়তার পরিচয় দেয়।

সূত্রের খবর, ২০২৫ সালে সিপিএমের রাজ্য সম্মেলনের পর নতুন রাজ্য কমিটি গঠনের সময় থেকেই তিনি সরাসরি সংগঠনের দায়িত্বে যুক্ত হন। দলের তরফে ‘We Are Hiring’ উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মকে সংগঠনে আনার যে প্রয়াস নেওয়া হয়েছিল, আফরিন তারই একটি উদাহরণ। সাধারণত দীর্ঘদিনের সংগঠক বা নির্দিষ্ট পেশাগত ক্ষেত্র থেকে উঠে আসা কর্মীদেরই রাজ্য কমিটিতে জায়গা দেওয়া হয়। সেই জায়গায় তুলনামূলকভাবে নতুন মুখ হিসেবে তাঁর উঠে আসা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই প্রার্থী নির্বাচন কৌশলগতও বটে। দক্ষিণ ২৪ পরগনার সংগঠক প্রতীক উর রহমান (Pratik Ur Rahman)-এর দলত্যাগের পর সিপিএম নতুন নেতৃত্বকে সামনে আনার পথে হাঁটছে। যদিও ওই ঘটনাকে দল প্রকাশ্যে ‘নৈতিক জয়’ বলেই ব্যাখ্যা করেছে এবং মহম্মদ সেলিম স্পষ্ট করেছেন, সিপিএম ‘অরগানিক লিডারশিপ’-এ বিশ্বাসী।

এই প্রেক্ষাপটে আফরিন বেগমকে বালিগঞ্জের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী করা, শুধু প্রজন্ম পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং নতুন মুখের উপর আস্থা রাখার বার্তাও দিচ্ছে।

একইসঙ্গে দ্বিতীয় দফার তালিকায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। টালিগঞ্জে পার্থপ্রতিম বিশ্বাস, ভবানীপুরে শ্রীজীব বিশ্বাস, বারুইপুর পশ্চিমে লায়েক আলি, জয়নগরে অপূর্ব প্রামাণিক, কল্যাণীতে সবুজ দাস এবং নন্দীগ্রামে শান্তি গিরির নাম ঘোষণা করেছে বামেরা।

তবে সবকিছুর মধ্যেই আলাদা করে নজর থাকছে আফরিন বেগমের দিকে। ছাত্র-আন্দোলন থেকে উঠে আসা এই তরুণ মুখ বালিগঞ্জে কতটা প্রভাব ফেলতে পারেন, সেটাই এখন দেখার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now