হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় চমক। এবার থেকে কোনও আলাদা ডেস্কটপ অ্যাপ ইনস্টল না করেই সরাসরি ওয়েব ব্রাউজার থেকে অডিয়ো ও ভিডিয়ো কল করা এবং রিসিভ করা যাবে। নতুন আপডেটের মাধ্যমে এই সুবিধা চালু করেছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম।
সংস্থার সিইও কুণাল শাহ জানিয়েছেন, ব্যবহারকারীদের কলিং অভিজ্ঞতাকে আরও সহজ এবং নিরবচ্ছিন্ন করতেই এই পরিবর্তন আনা হয়েছে। নতুন সুবিধার ফলে কম্পিউটারের ব্রাউজার থেকেই ফোনের মতো সহজে কল করা যাবে। একই সঙ্গে বিভিন্ন ডিভাইসের মধ্যে কল চালিয়ে যাওয়াও আরও সুবিধাজনক হবে।
এই আপডেট সম্পর্কে জানাতে এক্স-এ একটি পোস্ট করেন কুণাল শাহ। সেখানে মেটার সিইও মার্ক জ়ুকারবার্গের সঙ্গে একটি ওয়েব কলের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, “হোয়াট্সঅ্যাপ কল এখন আপনার ব্রাউজ়ারেও কাজ করবে।”
শুধু ওয়েব কলিং নয়, নতুন আপডেটে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত হচ্ছে। তার মধ্যে অন্যতম কল ট্রান্সফার। এই সুবিধার মাধ্যমে চলতে থাকা গ্রুপ কল কেটে না দিয়েই একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করা যাবে। যেমন, বাইরে থাকাকালীন মোবাইলে শুরু করা কল বাড়ি ফিরে কম্পিউটার বা ল্যাপটপে নির্বিঘ্নে চালিয়ে যাওয়া সম্ভব হবে।
গ্রুপ কলকে আরও নিরাপদ করতে যুক্ত হয়েছে ওয়েটিং রুম ফিচার। এই ব্যবস্থায় কল লিঙ্ক তৈরি করার সময় হোস্ট চাইলে ‘যোগদানের জন্য অনুমোদনের প্রয়োজন’ অপশন চালু রাখতে পারবেন। সেক্ষেত্রে অংশগ্রহণকারীরা সরাসরি কলে প্রবেশ করতে পারবেন না। প্রথমে তাঁরা ওয়েটিং রুমে থাকবেন। হোস্ট অনুমতি দেওয়ার পরেই কলে যোগ দিতে পারবেন। ফলে গ্রুপ কলে কারা অংশ নেবেন, তার উপর আয়োজকের নিয়ন্ত্রণ আরও বাড়বে।
এ ছাড়া কলের গুণগত মান উন্নত করতে আনা হয়েছে ব্যাকগ্রাউন্ড নয়েজ সাপ্রেশন ফিচার। আশপাশে শব্দ বেশি থাকলেও এই প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীর কণ্ঠস্বর আরও স্পষ্টভাবে শোনা যাবে বলে জানিয়েছে সংস্থা। নতুন ফিচারগুলির মাধ্যমে ব্যক্তিগত এবং পেশাগত— দুই ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ কলিং আরও কার্যকর হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।






