বন্ধুর জন্মদিন ভুলে যাওয়ার সমস্যা এবার অতীত হতে পারে। ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে WhatsApp। এই ফিচার চালু হলে কোনও কন্ট্যাক্টের জন্মদিন এলেই অ্যাপে নোটিফিকেশন আসবে। ফলে সময়মতো শুভেচ্ছা জানানো অনেকটাই সহজ হবে।
বর্তমানে এই সুবিধাটি বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে আনা হয়েছে। অর্থাৎ, এখনও সব ব্যবহারকারীর জন্য এটি উপলব্ধ নয়। সংস্থা ধাপে ধাপে ফিচারটির কার্যকারিতা যাচাই করছে।
তবে এখানেই উঠছে একটি বড় প্রশ্ন। ভারতে WhatsApp অ্যাকাউন্ট খুলতে শুধুমাত্র মোবাইল নম্বর এবং ওটিপির প্রয়োজন হয়। জন্মদিনের তথ্য দেওয়ার কোনও বাধ্যবাধকতা নেই। তাহলে অ্যাপটি ব্যবহারকারীর জন্মদিন জানবে কীভাবে?
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সব দেশে WhatsApp-এর নিয়ম এক নয়। ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার মতো কয়েকটি দেশে অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়া নিয়ম রয়েছে। সেখানে নির্দিষ্ট বয়স যাচাইয়ের জন্য জন্মতারিখ দেওয়া বাধ্যতামূলক। সেই কারণেই ওই দেশগুলিতে জন্মদিনের নোটিফিকেশন ফিচার চালু করা সম্ভব হচ্ছে।
ভারতে এখনও এই ধরনের কোনও আইনি বাধ্যবাধকতা নেই। ফলে দেশীয় ব্যবহারকারীদের জন্য আপাতত এই সুবিধা আসার সম্ভাবনা কম বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকদের একাংশ। ভবিষ্যতে নীতিগত পরিবর্তন হলে পরিস্থিতি বদলাতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি ফোন নম্বর ছাড়াই শুধুমাত্র ইউজারনেম ব্যবহার করে WhatsApp-এ যোগাযোগের সুবিধা আনার পরিকল্পনার কথাও জানিয়েছিল মেটা। তবে প্রতারণা এবং সাইবার অপরাধের আশঙ্কার কথা তুলে সেই পরিষেবা আপাতত চালু না করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। ফলে নতুন ফিচার নিয়ে সংস্থার পরিকল্পনা থাকলেও, ভারতীয় ব্যবহারকারীদের ক্ষেত্রে কোন সুবিধা কবে চালু হবে, তা এখনও স্পষ্ট নয়।






