ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বাড়তে থাকা অসন্তোষের মাঝেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল প্রশাসন। মুর্শিদাবাদে গঠন করা হল বিশেষ অ্যাপিলেট ট্রাইবুনাল, যেখানে আবেদন জানিয়ে নিজের নাম ফেরানোর সুযোগ পাবেন ভোটাররা।
সোমবার রাতে অতিরিক্ত জেলা শাসক (নির্বাচন) একটি নির্দেশিকা জারি করে জেলার সমস্ত মহকুমা শাসকদের এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর পর্বে ভোটার তালিকা সংশোধনের সময় যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা এই ট্রাইবুনালের দ্বারস্থ হতে পারবেন।
এসআইআর চলাকালীন শুনানিতে জুডিশিয়াল অফিসাররা যে সব সিদ্ধান্ত নিয়েছিলেন—কোনও নাম রাখা বা বাদ দেওয়া নিয়ে—সেগুলির বিরুদ্ধেই এবার আপিল করা যাবে। সেই আপিল শুনানির জন্যই তৈরি হচ্ছে এই ট্রাইবুনাল ব্যবস্থা।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী, কোনও ভোটার এই সংক্রান্ত আবেদন করলে তা দ্রুত গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট সমস্ত নথি ডিজিটাল আকারে নির্বাচন কমিশনের নির্দিষ্ট পোর্টালে আপলোড করার নির্দেশও দেওয়া হয়েছে। যাতে আবেদন প্রক্রিয়ায় কোনও বিলম্ব না হয়, সে দিকেও জোর দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নিয়ম বলছে, একটি বিধানসভা এলাকায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম সংযোজন বা বিয়োজনের সুযোগ থাকে। তবে কমিশনের একাংশের আধিকারিকদের মতে, এই নিয়ম মূলত সাধারণ পরিস্থিতির জন্য প্রযোজ্য—যখন নিয়মিত প্রক্রিয়ায় ফর্ম-৬ বা ফর্ম-৭ জমা দিয়ে নাম তোলা বা কাটা হয়। এসআইআর-এর মতো বিশেষ সংশোধন প্রক্রিয়ায় পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে।
অতিরিক্ত জেলা শাসকের জারি করা নির্দেশ ইতিমধ্যেই জেলার সমস্ত রিটার্নিং অফিসার এবং বিডিওদের কাছে পৌঁছে গেছে। প্রশাসনিক মহলের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের সুপারিশ মেনে রাজ্যজুড়ে মোট ১৯টি অ্যাপিলেট ট্রাইবুনাল গঠনের পরিকল্পনার অংশ হিসেবেই মুর্শিদাবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই ট্রাইবুনালের মাধ্যমে ভোটারদের অভিযোগ শোনা হবে এবং প্রয়োজন হলে তাঁদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হবে। ফলে, যাঁদের নাম বাদ পড়া নিয়ে সংশয় বা আপত্তি রয়েছে, তাঁদের জন্য নতুন একটি আইনি পথ খুলে গেল।






