৪০০-র বেশি শূন্যপদে নিয়োগ, ইউপিএসসি-তে কেন্দ্রীয় সরকারি চাকরির বড় সুযোগ

On: Monday, June 15, 2026 2:24 PM
---Advertisement---

কেন্দ্রীয় সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? বিভিন্ন বিভাগে একসঙ্গে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। কমিশনের তরফে জানানো হয়েছে, মোট ৯৮ ধরনের পদে ৪০০-রও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারি দফতরের পাশাপাশি কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন বিভাগেও কাজের সুযোগ মিলবে।

নিয়োগের তালিকায় রয়েছে বিজ্ঞান, চিকিৎসা, আইন, প্রকৌশল এবং প্রশাসনিক ক্ষেত্রের একাধিক গুরুত্বপূর্ণ পদ। জুনিয়র সায়েন্টিফিক অফিসার, রিজ়িওনাল ডিরেক্টর, অপারেশনস অফিসার, এয়ার সেফটি অফিসার, অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র টেকনিক্যাল অফিসার, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, বোটানিস্ট, সায়েন্টিস্ট, অ্যাসিস্ট্যান্ট লিগাল অ্যাডভাইজ়ার, কেমিস্ট, অ্যাসিস্ট্যান্ট মাইনিং জিয়োলজিস্ট, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, প্রাইভেট সেক্রেটারি, মেডিক্যাল অফিসার এবং রিসার্চ অফিসার-সহ মোট ৯৮টি পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য। মেডিক্যাল, বিজ্ঞান, কলা এবং ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে অধিকাংশ পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

আবেদন প্রক্রিয়াও সম্পূর্ণ অনলাইনে। সম্প্রতি ইউপিএসসি নিয়োগ সংক্রান্ত আবেদন জমা দেওয়ার জন্য নতুন অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন (ওআরএ) পোর্টাল চালু করেছে। আগ্রহী প্রার্থীদের প্রথমে ওই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এরপর যে পদের জন্য আবেদন করতে চান, সেই পদের নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত অনুযায়ী প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

আবেদন জমা দেওয়ার পর পরীক্ষার সূচি, সাক্ষাৎকার সংক্রান্ত তথ্য এবং নিয়োগ প্রক্রিয়ার অন্যান্য আপডেটও একই পোর্টালের মাধ্যমে জানা যাবে।

ইউপিএসসি জানিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ জুলাই। তাই সরকারি চাকরির এই সুযোগ কাজে লাগাতে ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now