রাহুলের কেস ওপেন করা হবে! স্টুডিওপাড়ায় ঢুকেই বিস্ফোরক পাপিয়া অধিকারী

On: Wednesday, May 20, 2026 6:30 PM
---Advertisement---

টালিগঞ্জের রাজনৈতিক পালাবদলের পর এ বার স্টুডিয়োপাড়াতেও বদলের বার্তা। বিধায়ক হওয়ার পর প্রথমবার পাপিয়া অধিকারী পৌঁছলেন টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানে তাঁকে ঘিরে ছিল টেকনিশিয়ান ও শিল্পীদের ভিড়। সম্বর্ধনার মঞ্চ থেকেই উঠে এল বিগত সরকারের বিরুদ্ধে ক্ষোভ, অভিযোগ এবং স্টুডিয়োপাড়ার ‘নতুন সংস্কৃতি’ গড়ার বার্তা।

নতুন সরকারের তরফে স্টুডিয়োপাড়ার দায়িত্বও দেওয়া হয়েছে পাপিয়াকে। সেই দায়িত্ব নিয়েই কার্যত আক্রমণ শানালেন তিনি। তাঁর কথায়, “গঙ্গাজল ছিটিয়ে টেকনিশিয়ান স্টুডিওর শুদ্ধিকরণ হল। এতদিন যে অন্যায়ের পীঠস্থানে পরিণত হয়েছিল টেকনিশিয়ান স্টুডিও, এবার তার অবসান হল। চলচ্চিত্র এবং স্টুডিওপাড়াকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে। নতুন সরকার কখনওই শিল্প সংস্কৃতির রাজনীতি করণ করবে না।”

নাম না করলেও তাঁর বক্তব্যের মূল নিশানায় ছিলেন স্বরূপ বিশ্বাস। পাপিয়ার অভিযোগ, দীর্ঘদিন ধরে স্টুডিয়োপাড়ায় ভয় এবং নিয়ন্ত্রণের পরিবেশ তৈরি হয়েছিল। তিনি বলেন, “কোনও রকম হুমকি,থ্রেট কালচার বা ব্যানড সংস্কৃতি চলবে না। সব শিল্পীকে নিয়ে কাজ করতে হবে। যা এতদিন ধরে স্বরূপ বিশ্বাসের আমলে হয়ে এসেছে সেটা আর হবে না।”

শিল্পীদের নিরাপত্তা নিয়েও একাধিক নতুন প্রস্তাবের কথা জানান তিনি। বিশেষ করে মহিলা শিল্পীদের রাতের শুটিং নিয়ে কড়া অবস্থান নিতে চান পাপিয়া। তাঁর বক্তব্য, “মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তার দিকটা দেখতে হবে। রাতে শ্যুটিং হলে মহিলাদের প্রপারলি ড্রপ করতে হবে। আর্টিস্টদের আগের দিন রাতে কল টাইম দেওয়া যাবে না। তিন দিন আগে কল টাইম দিতে হবে। আগের দিন মাঝ রাতে ফোন করে আগামীকাল শ্যুটিং আছে এই সংস্কৃতি চলবে না।”

শুধু তাই নয়, টলিউডের বিভিন্ন সংগঠন ও ফেডারেশনের কাঠামো নিয়েও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। পাপিয়ার দাবি, “ফেডারেশন এবং অন্যান্য সংগঠন তৈরীর ক্ষেত্রে গিল্ডগুলোর সঙ্গে আলোচনা করে গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন করে তৈরি হবে। তবে পুরোটাই আলোচনা সাপেক্ষ।”

এ দিন মঞ্চ থেকে অভিনেতা রাহুলের মৃত্যুর প্রসঙ্গও তোলেন তিনি। পাপিয়া বলেন, “রাহুলের কেস ওপেন করা হবে। রাহুলের মৃত্যুর কোনও রকম অনুসন্ধান হল না। প্রযোজকরা কি করলেন? শিল্পীর সুরক্ষার পুরোপুরি দায়িত্ব এবার থেকে নিতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মুমতাজ সরকার-ও। তিনি অভিযোগ করেন, আগের সরকারের ঘনিষ্ঠ না হওয়ায় দীর্ঘদিন কাজ পাননি টলিউডে। সরকার বদলের পর ফের স্টুডিয়োপাড়ায় ফিরে আসার সুযোগ পেয়েছেন বলেও দাবি করেন তিনি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now