ধর্মের ভিত্তিতে ভাতা দেওয়া বন্ধ! তালিকায় কোন কোন প্রকল্প? মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

On: Monday, May 18, 2026 8:51 PM
---Advertisement---

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক স্তরে একের পর এক নীতিগত পরিবর্তনের ইঙ্গিত মিলছিলই। সোমবার নবান্নে অনুষ্ঠিত নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে সেই পরিবর্তনের ছবি আরও স্পষ্ট হল। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেওয়া বিভিন্ন ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। ফলে আগামী মাস থেকে বন্ধ হতে চলেছে ইমাম-মুয়াজ্জিন ভাতা এবং পুরোহিত ভাতা।

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “ধর্মের ভিত্তিতে কোনও আর্থিক ভাতা দেওয়া হবে না। তবে ছাত্রছাত্রীদের জন্য চালু থাকা স্কলারশিপ বা শিক্ষামূলক সহায়তা বন্ধ করা হচ্ছে না।”

প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের আওতায় ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে যে আর্থিক সহায়তা দেওয়া হত, সেগুলিই বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাস পর্যন্ত উপভোক্তারা এই সুবিধা পেলেও জুন মাস থেকে তা কার্যকর থাকবে না।

সাংবাদিক বৈঠকে পুরোহিত ভাতা ও ইমাম ভাতা প্রসঙ্গে প্রশ্ন উঠতেই অগ্নিমিত্রা পাল জানান, খুব শীঘ্রই সরকারিভাবে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। তবে তিনি স্পষ্ট করেন, “ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেওয়া ভাতা বন্ধ হচ্ছে, কিন্তু শিক্ষামূলক প্রকল্প বা স্কলারশিপ চালু থাকবে।”

এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কারণ দীর্ঘদিন ধরেই ইমাম ভাতা এবং পুরোহিত ভাতা নিয়ে রাজ্যের রাজনীতিতে বিতর্ক ছিল। নতুন সরকারের এই পদক্ষেপকে একাংশ ‘সমতা ভিত্তিক প্রশাসনিক নীতি’ হিসেবে দেখছে, আবার বিরোধীদের একাংশের দাবি, এর সামাজিক প্রভাব নিয়েও প্রশ্ন উঠতে পারে।

সোমবারের মন্ত্রিসভার বৈঠকে শুধু এই সিদ্ধান্তই নয়, আরও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার জন্য সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে সরকার। প্রশাসনিক মহলের মতে, দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে এই দাবি ছিল।

এছাড়াও অন্নপূর্ণা যোজনায় নীতিগত ছাড়পত্র দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্তেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ১ জুন থেকেই এই পরিষেবা কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার অগ্রবালও।

নতুন সরকারের এই ধারাবাহিক সিদ্ধান্তে প্রশাসনিক কাঠামো এবং জনমুখী প্রকল্পের চরিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now