উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ৩ জুলাই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবেই সপ্তাহের শেষ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেটিই আগামী কয়েক দিনের মধ্যে আরও সক্রিয় হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে সমুদ্রও উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। তাই ৩ জুলাই থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তিকর গরম বজায় থাকতে পারে। তবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার ফের বৃষ্টির দাপট বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। রবিবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।








