SIR-এ নাম বাদ, বন্ধ রেশন-অন্নপূর্ণার সুবিধা? হাইকোর্টে মামলায় বড় নির্দেশ রাজ্যকে

On: Thursday, July 2, 2026 11:58 AM
---Advertisement---

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার জেরে বহু মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। এর ফলে রেশন এবং অন্নপূর্ণা যোজনাসহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন বলে দাবি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ খেতমজদুর সমিতি। সেই মামলার শুনানিতে এবার রাজ্য সরকারের কাছে বিস্তারিত অবস্থান জানাতে নির্দেশ দিল আদালত।

মামলাকারী সংগঠনের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার তথ্যের ভিত্তিতেই কারা রেশন এবং অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তিরও উল্লেখ করা হয়েছে মামলায়। তাঁদের দাবি, এই সিদ্ধান্ত ভারতের জাতীয় খাদ্য সুরক্ষা আইন, ২০১৩-এর পরিপন্থী। কারণ, ওই আইনে যোগ্য ব্যক্তিদের স্বল্পমূল্যে খাদ্যশস্য পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে।

আবেদনকারীদের আশঙ্কা, এই নীতির ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন দিনমজুর, পরিযায়ী শ্রমিক, মহিলা এবং সমাজের প্রান্তিক মানুষ। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে তাঁরা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন বলে দাবি করা হয়েছে।

শুনানির সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে বলেন, “বিষয়টি অনুসন্ধান করে দেখা দরকার। এসআইআরে কাদের নাম ডিলিট হয়েছে, রেশন ও অন্নপূর্ণা যোজনার সুবিধা কারা পাচ্ছেন না, সেগুলি অনুসন্ধানের পর রাজ্য এই নিয়ে কী পদক্ষেপ করছে তা আদালতে জানানো হবে”।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে আগামী ২১ জুলাইয়ের মধ্যে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, এসআইআর প্রক্রিয়ায় মৃত, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট মিলিয়ে ৯১ লক্ষেরও বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। পাশাপাশি ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র কারণে আরও প্রায় ২৭ লক্ষ নাম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই ব্যক্তিরা ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ, যাঁদের আবেদন ট্রাইব্যুনালে বিচারাধীন, তাঁরা কিছু ক্ষেত্রে সরকারি সুবিধা পেলেও যাঁদের নাম সম্পূর্ণভাবে বাদ গিয়েছে, তাঁদের ক্ষেত্রে সেই সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়টিকেই চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

এখন আদালতের নির্দেশ অনুযায়ী, ২১ জুলাইয়ের মধ্যে রাজ্য সরকারকে জানাতে হবে, এসআইআর-এ নাম বাদ যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে রেশন ও অন্নপূর্ণা যোজনাসহ অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে সরকারের অবস্থান কী এবং এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now