গবেষণা প্রকল্পে কাজ করতে আগ্রহীদের জন্য সুখবর। সিকিম বিশ্ববিদ্যালয়ে (Sikkim University) গবেষণা সংক্রান্ত একটি প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেলের অধীনে মোট দু’ধরনের পদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রজেক্ট সুপারভাইজ়র পদে একজন এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে দু’জনকে নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হলেও, প্রকল্পের প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বাড়ানো হতে পারে।
প্রজেক্ট সুপারভাইজ়র পদে নির্বাচিত প্রার্থী মাসে ৩০ হাজার টাকা সাম্মানিক পাবেন। আবেদনকারীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা এবং অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
অন্যদিকে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে মাসিক সাম্মানিক ২০ হাজার টাকা। এই পদের জন্য ম্যানেজমেন্ট বা কমার্সে স্নাতক হওয়া প্রয়োজন। এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ট্যালি সফটওয়্যারে কাজের দক্ষতা থাকতে হবে। অন্যান্য যোগ্যতা ও শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এই নিয়োগের জন্য আলাদা করে অনলাইনে আবেদন করতে হবে না। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে। আগামী ২৮ জুলাই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ১০টার মধ্যে নির্ধারিত আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত হতে হবে প্রার্থীদের।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য শর্ত সিকিম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।







