উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বড় সুযোগ এনে দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। দেশের তিনটি গুরুত্বপূর্ণ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি—দিল্লি, কেরল এবং কালিকট ক্যাম্পাসে অধিকর্তা বা ডিরেক্টর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
এই পদগুলিতে নিয়োগ পাওয়া প্রার্থীদের দায়িত্ব হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক নেতৃত্ব দেওয়া। ফলে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা নয়, প্রয়োজন দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং নেতৃত্বদানের দক্ষতা।
বেতনের দিক থেকেও এই পদ যথেষ্ট আকর্ষণীয়। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমতুল বেতন কাঠামো অনুযায়ী, প্রতি মাসে ২,১০,০০০ টাকা মূল বেতন দেওয়া হবে। এর পাশাপাশি থাকছে অতিরিক্ত ১১,২৫০ টাকার বিশেষ ভাতা।
যোগ্যতার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মানদণ্ড বেঁধে দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি আবশ্যিকভাবে থাকতে হবে পিএইচডি ডিগ্রি। শিক্ষকতা, গবেষণা বা শিল্পক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা জরুরি। এর মধ্যে অন্তত ৭ বছর কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে অধ্যাপক বা তার ঊর্ধ্বতন পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি স্তরে গবেষণা পরিচালনার অভিজ্ঞতাও আবশ্যক। প্রার্থীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের জন্য নির্দিষ্ট সময়সীমাও ঘোষণা করা হয়েছে। ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে আবেদন গ্রহণ চলবে ২৯ মে, ২০২৬ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে। আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথি আপলোড করতে হবে। পাশাপাশি ১৫ জুনের মধ্যে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ জমা দেওয়াও বাধ্যতামূলক।
চূড়ান্ত নিয়োগ হবে বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে। উচ্চশিক্ষা ক্ষেত্রে অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া একটি বড় সুযোগ বলেই মনে করা হচ্ছে।





