রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি প্যারামেডিক্যাল বিভাগের ৫৬০টি শূন্যপদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আরআরবির নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন ১৪ অক্টোবর ২০২৬।
নিয়োগ হবে কীভাবে
আরআরবি প্যারামেডিক্যাল নিয়োগে প্রথম ধাপে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি নেওয়া হবে। এই পরীক্ষায় সফল প্রার্থীদের পরবর্তী ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী হবে মেডিক্যাল পরীক্ষা। এই ধাপগুলি সফলভাবে সম্পূর্ণ করার পরই নিয়োগের জন্য প্রার্থীদের বিবেচনা করা হবে।
বেতন কত
সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের বেতন দেওয়া হবে। সংশ্লিষ্ট পদের ভিত্তিতে পে লেভেল ৩ থেকে ৭ পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। মূল বেতনের পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাও মিলবে।
কারা আবেদন করতে পারবেন
২০২৭ সালের ১ জানুয়ারি হিসেবে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।
আবেদন ফি কত
সাধারণ, ওবিসি এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ৫০০ টাকা। অন্যদিকে এসসি, এসটি, প্রাক্তন সেনাকর্মী, বিশেষ ভাবে সক্ষম, মহিলা, তৃতীয় লিঙ্গ, সংখ্যালঘু এবং আর্থিক ভাবে পিছিয়ে থাকা শ্রেণির প্রার্থীদের জন্য ফি ২৫০ টাকা।
আবেদন করার আগে প্রার্থীদের সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার শর্ত অবশ্যই দেখে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে হবে।







