দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির, নাম নেই অভয়া-র মায়ের

On: Thursday, March 19, 2026 6:28 PM
---Advertisement---

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী ঘোষণার গতি আরও বাড়াল বিজেপি। দ্বিতীয় দফায় ১১২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল দল। এর আগে প্রথম দফায় ১৪৪টি আসনের তালিকা প্রকাশ করা হয়েছিল। ফলে এখনও ৩৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি রইল। উল্লেখ্য, দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় নাম নেই অভয়া-র মায়ের। তাই বাকি থাকা ৩৮ আসনে প্রার্থী তালিকায় অভয়ার মায়ের নাম থাকার সম্ভাবনা থেকে যাচ্ছে।

দ্বিতীয় তালিকায় একাধিক চমকপ্রদ নাম সামনে এসেছে। হাওড়ার শ্যামপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)-কে। টালিগঞ্জে টিকিট পেয়েছেন পাপিয়া অধিকারী, যাদবপুরে শর্বরী মুখোপাধ্যায় এবং এন্টালিতে প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)।

উত্তর ২৪ পরগনায় নোয়াপাড়া কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Arjun Singh)-কে। ব্যারাকপুরে টিকিট পেয়েছেন আইনজীবী কৌস্তভ বাগচী। তবে এই তালিকায় পানিহাটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, যা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। গুঞ্জন, এই কেন্দ্রে প্রার্থী হতে পারেন ‘অভয়ার মা’। আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা নিজেই সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, তিনি বিজেপির প্রার্থী হচ্ছেন। তিনি বলেন, রাজ্যের মানুষ ভালো নেই। অনেক আগে থেকেই বিজেপি প্রার্থী হওয়ার জন্য তাঁকে অফার করেছিল। কিন্তু তিনি না করেছিলেন। মূলত নারী সুরক্ষার বিষয়টি মাথায় রেখে এবং রাজ্যে দুর্নীতির চিত্র দেখে তাঁর এই সিদ্ধান্ত। “তৃণমূলকে উপড়ে ফেলতেই বিজেপিতে এসেছি”, বলেন অভয়ার মা।

রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে অভিজ্ঞ ও নতুন মুখের মিশ্রণ রেখেছে বিজেপি। কোচবিহারের মাথাভাঙায় প্রার্থী করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নীতিশ প্রামাণিক (Nisith Pramanik)-কে। জগদ্দলে প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস রাজেশ কুমার। বিধাননগরে চিকিৎসক শারদ্বৎ মুখোপাধ্যায় এবং রাজারহাট গোপালপুরে তরুণ আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি-কে প্রার্থী করেছে দল।

কলকাতার গুরুত্বপূর্ণ আসনগুলিতেও নজরকাড়া প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বেহালা পশ্চিমে প্রার্থী দলের যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ, কাশীপুর বেলগাছিয়ায় রিতেশ তিওয়ারি এবং মানিকতলায় টিকিট পেয়েছেন দলের সহ সভাপতি তাপস রায়। বালিগঞ্জে প্রার্থী করা হয়েছে জাতীয় পরিষদের সদস্য শতরূপাকে।

উত্তর ২৪ পরগনার মতুয়া অধ্যুষিত অঞ্চলগুলিতেও পুরনো মুখের উপর ভরসা রেখেছে দল। বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটায় যথাক্রমে অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার এবং সুব্রত ঠাকুরকে আবার প্রার্থী করা হয়েছে। পাশাপাশি সন্দেশখালিতে সনৎ সর্দার এবং হিঙ্গলগঞ্জে আন্দোলন থেকে উঠে আসা মুখ রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে।

পূর্ব মেদিনীপুরের এগরায় প্রার্থী হয়েছেন দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)। পুরুলিয়া এবং বাঁকুড়ার মতো জেলাতেও পুরনো প্রার্থীদের উপর আস্থা রেখেছে দল। প্রথম দফার তালিকায় একটি পরিবর্তনও করা হয়েছে। বিষ্ণুপুর কেন্দ্রে অগ্নিশ্বর নস্করের পরিবর্তে বিশ্বজিৎ খাঁকে প্রার্থী করা হয়েছে।এই দ্বিতীয় তালিকায় মোট ২০ জন মহিলা প্রার্থী রয়েছেন, যা নারী প্রতিনিধিত্ব বাড়ানোর বার্তাও দিচ্ছে।

এদিকে, রাজ্যে ভোট হবে দুই দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা করা হবে ৪ মে। দীর্ঘ ৩০ বছর পর রাজ্যে দু’দফায় নির্বাচন হচ্ছে, যা এবারের ভোটকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পর রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হচ্ছে। তবে বাকি থাকা আসনগুলিতে কাদের নাম আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now