দেশের আইসক্রিমের বাজারে এবার বড়সড় প্রতিযোগিতার ইঙ্গিত। আমুল, কোয়ালিটি এবং মেট্রো ডেয়ারির মতো পরিচিত ব্র্যান্ডের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে চলেছে রিলায়েন্স। মাত্র ১০ টাকা থেকে শুরু হবে নতুন আইসক্রিম। সংস্থার দাবি, সাধারণ মানুষের নাগালের মধ্যে দামে আসল দুধের আইসক্রিম পৌঁছে দেওয়াই এই নতুন উদ্যোগের লক্ষ্য।
কী নামে আসছে রিলায়েন্সের আইসক্রিম
রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড বা RCPL বাজারে আনছে ‘বম্বে ক্রিমারি’ নামে নতুন আইসক্রিম ব্র্যান্ড। সংস্থার পরিকল্পনা, সাশ্রয়ী দামে দুধের তৈরি আইসক্রিম ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া। এই ব্র্যান্ডের আইসক্রিমের দাম শুরু হচ্ছে মাত্র ১০ টাকা থেকে।
বাজারে রিলায়েন্সের মতো বড় সংস্থার প্রবেশ যে প্রতিযোগিতা বাড়াবে, তা বলাই যায়। দেশের বিভিন্ন প্রান্তে রিলায়েন্সের বিস্তৃত ব্যবসায়িক নেটওয়ার্ক রয়েছে। ফলে নতুন আইসক্রিম ব্র্যান্ডকে দ্রুত বাজারে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই পরিকাঠামো বড় সুবিধা হয়ে উঠতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ।
প্রথমে পশ্চিম ভারতে, পরে গোটা দেশে
প্রাথমিক পর্যায়ে বম্বে ক্রিমারির আইসক্রিম পশ্চিম ভারতের বাজারে পাওয়া যাবে। তবে ধাপে ধাপে দেশের অন্যান্য অংশেও এই ব্র্যান্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থার।
RCPL এর ডিরেক্টর টি কৃষ্ণকুমার জানিয়েছেন, সাধারণ একটি ধারণাকে সামনে রেখেই বম্বে ক্রিমারি তৈরি করা হয়েছে। তাঁর বক্তব্য, দুধভিত্তিক পণ্য তৈরিতে সংস্থা কোনও শর্টকাট বা কৃত্রিম পদ্ধতির উপর নির্ভর করতে চায় না। খাঁটি দুধের আইসক্রিম দেওয়ার প্রতিশ্রুতিই থাকবে এই ব্র্যান্ডের। পাশাপাশি এমন দাম রাখা হয়েছে, যাতে দেশের সাধারণ মানুষও তা কিনতে পারেন।
কী কী পণ্য বিক্রি করে RCPL
রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের ব্যবসা অবশ্য শুধুমাত্র আইসক্রিমে সীমাবদ্ধ নয়। খাবার, পানীয়, ব্যক্তিগত পরিচর্যা এবং দৈনন্দিন গৃহস্থালির প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ইতিমধ্যেই রয়েছে সংস্থার ঝুলিতে।
পানীয়ের ক্ষেত্রে ক্যাম্পা কোলা, কমলা ও লেবুর মতো বিভিন্ন স্বাদের পানীয় রয়েছে। ইন্ডিপেন্ডেন্স ব্র্যান্ডের অধীনে সূর্যমুখী তেল, গমের আটা এবং প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারও বিক্রি করে সংস্থা। এর পাশাপাশি নুডলস, সস, জ্যাম, মশলা, বিস্কুট এবং মিষ্টিজাতীয় বিভিন্ন খাবারের পণ্যও রয়েছে RCPL এর পোর্টফোলিয়োয়।
দুধের আইসক্রিম নিয়ে ইতিমধ্যেই জোর প্রচার আমুলের
রিলায়েন্সের নতুন ব্র্যান্ড এমন সময়ে বাজারে পা রাখছে, যখন আইসক্রিমে ব্যবহৃত উপাদান নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক চলছে। সম্প্রতি আমুলের তরফে প্রচারে দাবি করা হয়েছে, বাজারের কিছু বড় ব্র্যান্ড দুধের পরিবর্তে ভোজ্য তেল ব্যবহার করে আইসক্রিম তৈরি করছে। সেই জায়গায় আমুল নিজেদের পণ্যকে দুধের তৈরি আইসক্রিম হিসেবে তুলে ধরছে।
এই বিতর্কের মধ্যেই কোয়ালিটির তরফেও ভবিষ্যতে সম্পূর্ণ দুধের আইসক্রিম দেওয়ার কথা জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ফলে ‘দুধের আইসক্রিম’কে কেন্দ্র করে বাজারে যখন ব্র্যান্ডগুলির মধ্যে প্রতিযোগিতা বাড়ছে, ঠিক সেই সময়েই নতুন দাবি নিয়ে হাজির হচ্ছে রিলায়েন্সের বম্বে ক্রিমারি।
১০ টাকা থেকে দাম শুরু করে দেশজুড়ে নিজেদের বিশাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে রিলায়েন্স কতটা দ্রুত আইসক্রিমের বাজারে জায়গা করে নিতে পারে, এখন সেটাই দেখার। নতুন এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি নজর থাকবে আমুল, কোয়ালিটি এবং অন্যান্য প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলির বাজারদর ও বিক্রির উপর।






