স্বাস্থ্যক্ষেত্রে কাজ করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগের দরজা খুলল Broadcast Engineering Consultants India Limited। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সংস্থা সম্প্রতি একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মূলত মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি পারফিউশনিস্ট পদেও নিয়োগের কথা জানানো হয়েছে। সব মিলিয়ে মোট ২৮টি শূন্যপদ রয়েছে। এই নিয়োগ হবে চুক্তিভিত্তিক।
মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান পদে আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কিডনি ডায়ালাইসিস বিভাগে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এই পদের জন্য বয়সসীমা রাখা হয়েছে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে।
অন্যদিকে, পারফিউশনিস্ট পদে আবেদনকারীদেরও বিজ্ঞান বিভাগে স্নাতক হতে হবে। বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে। নির্দিষ্ট পদের ক্ষেত্রে আরও কিছু যোগ্যতার উল্লেখ রয়েছে, যা জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের প্রক্রিয়াও বেশ সহজ। আগ্রহীদের প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (https://www.becil.com/)-এ গিয়ে ‘কেরিয়ার’ বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি খুঁজে নিতে হবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। চাইলে ই-মেলের মাধ্যমেও আবেদন করা যাবে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ এপ্রিল। তাই আগ্রহী প্রার্থীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট মহল।







