ঘণ্টায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, একাধিক জেলায় জারি সতর্কতা

On: Wednesday, May 27, 2026 11:45 PM
---Advertisement---

উত্তরবঙ্গের পাশাপাশি এবার দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর t। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট চলবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত একটি নির্দিষ্ট জেলাতেই সীমাবদ্ধ থাকতে পারে বলে জানানো হয়েছে।

বুধবার থেকেই পরিস্থিতির বদল শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই পুরুলিয়াতে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। একইসঙ্গে কলকাতাতেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। বিশেষ করে পূর্ব বর্ধমানের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। দক্ষিণবঙ্গ জুড়ে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবারও ঝড়বৃষ্টির প্রভাব বজায় থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ঝোড়ো হাওয়ার গতি ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। দক্ষিণের বাকি জেলাগুলিতে হাওয়ার গতি থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।

শনিবার থেকে পরিস্থিতি কিছুটা উন্নতির ইঙ্গিত থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই মেদিনীপুর ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে।

আগামী ২ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়ির কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়া চলবে।

হাওয়া অফিস জানিয়েছে, একাধিক ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তার ফলেই রাজ্যজুড়ে তৈরি হয়েছে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি। এর পাশাপাশি সমুদ্র উত্তাল থাকায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এলাকায় মৎস্যজীবীদের বৃহস্পতিবার ও শুক্রবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বৃষ্টির কারণে বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে দীর্ঘদিনের গরম ও অস্বস্তি থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now