প্রায় দেড় দশক পর পাসপোর্ট তৈরির খরচে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে চলেছে নতুন ফি কাঠামো। এর ফলে নতুন পাসপোর্ট তৈরি, নবীকরণ, হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত পাসপোর্টের পরিবর্তে নতুন পাসপোর্ট ইস্যু— প্রায় সব ক্ষেত্রেই আবেদনকারীদের আগের তুলনায় উল্লেখযোগ্য বেশি অর্থ ব্যয় করতে হবে।
এই সিদ্ধান্ত এমন সময়ে এল, যখন পাসপোর্টের সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। সম্প্রতি কেন্দ্র স্পষ্ট করে জানিয়েছে, পাসপোর্ট কোনও নাগরিকত্বের প্রমাণপত্র নয়; এটি শুধুমাত্র আন্তর্জাতিক ভ্রমণের জন্য ব্যবহৃত একটি সরকারি নথি। সেই ঘোষণার একদিনের মধ্যেই বিদেশ মন্ত্রক নতুন ফি কাঠামোর বিজ্ঞপ্তি জারি করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সিদের জন্য ৩৬ পাতার সাধারণ পাসপোর্ট করতে লাগবে ২,৫০০ টাকা, যা এতদিন ছিল ১,৫০০ টাকা। একইভাবে ৬০ পাতার পাসপোর্টের ফি ২,০০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩,৫০০ টাকা। তৎকাল পরিষেবার ক্ষেত্রেও খরচ বেড়েছে। নতুন নিয়মে তৎকাল পাসপোর্টের জন্য ৬,০০০ টাকা পর্যন্ত দিতে হবে।
শুধু নতুন পাসপোর্ট নয়, হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত পাসপোর্টের পরিবর্তে নতুন পাসপোর্ট পেতেও আগের তুলনায় অনেক বেশি টাকা লাগবে। ৩৬ পাতার পাসপোর্ট রিপ্লেসমেন্টের জন্য সাধারণ আবেদনে ৫,০০০ টাকা এবং তৎকাল পরিষেবায় ৭,৫০০ টাকা ধার্য করা হয়েছে। ৬০ পাতার ক্ষেত্রে এই অঙ্ক যথাক্রমে ৬,০০০ ও ৮,৫০০ টাকা।
১৮ বছরের কম বয়সিদের জন্যও ফি বৃদ্ধি করা হয়েছে। ৩৬ পাতার নতুন পাসপোর্টের জন্য দিতে হবে ১,৭৫০ টাকা। তৎকাল পরিষেবার ক্ষেত্রে সেই অঙ্ক ৪,২৫০ টাকা। রিপ্লেসমেন্টের জন্য যথাক্রমে ৪,২৫০ এবং ৬,৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC), সারেন্ডার সার্টিফিকেট, গ্লোবাল এন্ট্রি প্রোগ্রাম ভেরিফিকেশন-সহ বিভিন্ন ধরনের সার্টিফিকেটের ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিদেশে এই পরিষেবার জন্য ৪০ মার্কিন ডলার দিতে হবে। দেশে জরুরি শংসাপত্র (Emergency Certificate) বিনামূল্যে মিললেও বিদেশে এর জন্য ১৫ ডলার এবং আইডেন্টিটি সার্টিফিকেটের জন্য দেশে ১,০০০ টাকা ও বিদেশে ৫০ ডলার ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, শেষবার ২০১২ সালে পাসপোর্টের ফি সংশোধন করা হয়েছিল। সেই সময় ৩৬ পাতার পাসপোর্টের ফি ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছিল। প্রায় ১৪ বছর পর ২০২৬ সালের সংশোধিত পাসপোর্ট বিধির আওতায় আবারও ফি বৃদ্ধি করল কেন্দ্র।








