একটি মন্তব্য, আর তাতেই বদলে গেল নিয়ম। পাকিস্তান ক্রিকেটে সোশ্যাল মিডিয়া ব্যবহারে এবার কঠোর অবস্থান নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভবিষ্যতে কোনও ক্রিকেটারই আর নিজের ইচ্ছেমতো কিছু পোস্ট করতে পারবেন না—বোর্ডের অনুমতি ছাড়া নয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিয়ো নিউজের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে বোর্ড। এখন থেকে ব্যক্তিগত বা পারিবারিক বিষয় ছাড়া অন্য কোনও পোস্ট করতে গেলে পিসিবির মিডিয়া বিভাগের অনুমোদন নিতে হবে। রাজনৈতিক, বিতর্কিত বা সংবেদনশীল মন্তব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশ বাবর আজ়ম, শাহিন আফ্রিদিদের মতো তারকাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।
এই কড়াকড়ির নেপথ্যে রয়েছে সাম্প্রতিক এক বিতর্ক। পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজ়। তাঁকে স্বাগত জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সেই মুহূর্তের ছবি বোর্ডের তরফে সমাজমাধ্যমে পোস্ট করা হয়।
সেই পোস্টেই আপত্তিকর মন্তব্য করেন পাকিস্তানের জোরে বোলার নাসিম শাহ। তিনি লেখেন, “ওঁকে কেন সব সময় লর্ডসের রানির মতো সম্মান দেওয়া হয়।” এই মন্তব্য ঘিরে দ্রুত বিতর্ক ছড়ায়। নাসিমের বিরুদ্ধে মহিলা মুখ্যমন্ত্রীকে অসম্মান করার অভিযোগ ওঠে।
যদিও নাসিম দাবি করেন, তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং বিষয়টি জানার পর তিনি মন্তব্যটি মুছে দেন। তবে তাঁর এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি বোর্ড। পিসিবি তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিস পাঠায় এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তোলে।
শেষ পর্যন্ত এই ঘটনার জেরে নাসিম শাহের উপর বড় অঙ্কের জরিমানা চাপানো হয়। বোর্ডের তরফে তাঁকে ৬৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা পাকিস্তানি মুদ্রায় প্রায় ২ কোটি টাকার সমান।
এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়া নিয়ে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না পিসিবি। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়, সেই লক্ষ্যেই ক্রিকেটারদের ডিজিটাল আচরণে লাগাম টানল বোর্ড। এখন দেখার, এই নিয়ম মাঠের বাইরের ‘খেলা’ কতটা বদলাতে পারে।








