পহেলগাঁও থেকে ‘অপারেশন সিঁদুর’, নতুন ছবিতে ফের বিতর্কের কেন্দ্রে বিবেক অগ্নিহোত্রী

On: Thursday, March 26, 2026 4:42 PM
---Advertisement---

গত বছরের ২২ এপ্রিল পহেলগাঁও-এ ঘটে যাওয়া নৃশংস ঘটনার স্মৃতি এখনও তাজা। সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। অভিযোগ উঠেছিল, পর্যটকদের মধ্যে বেছে বেছে পুরুষদের নিশানা করেছিল জঙ্গিরা। ঘটনার পরপরই পাল্টা অভিযানে নামে ভারতীয় সেনা, যার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। সেই দুই ঘটনাকেই এবার বড় পর্দায় তুলে ধরতে চলেছেন বিবেক অগ্নিহোত্রী।

ছবির প্রযোজনায় তাঁর সঙ্গে হাত মিলিয়েছেন ভূষণ কুমার। পরিচালক দাবি করেছেন, এই প্রকল্পের জন্য বিস্তৃত গবেষণা করা হয়েছে এবং বাস্তব তথ্যের ভিত্তিতেই ছবির নির্মাণ। তাঁর কথায়, “ভারতীয় সেনার বিভিন্ন শাখার সঙ্গে কথা বলে, তথ্য যাচাই করে এই ছবির কাজ এগিয়েছে। কোনও চাঞ্চল্য তৈরি করা উদ্দেশ্য নয়, সত্যিটা তুলে ধরাই লক্ষ্য।”

তবে এই ঘোষণার পর থেকেই নতুন করে বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগেও তাঁর তৈরি দ্য কাশ্মীর ফাইল্‌স এবং দ্য বেঙ্গল ফাইল্‌স নিয়ে ‘প্রোপাগান্ডা’ অভিযোগ উঠেছিল। ফলে নতুন ছবিটিও একপেশে হবে কি না, তা নিয়েই প্রশ্ন তুলছেন একাংশ।

সম্প্রতি সমাজমাধ্যমে বিবেক লেখেন, “‘অপারেশন সিঁদুর’ ছবির জন্য আমি ও ভূষণ কুমার একসঙ্গে কাজ করছি। পাকিস্তানের পারমাণবিক শক্তি নিয়ে যে প্রচার, তার বাস্তবতা এই অভিযানে সামনে এসেছিল।” তাঁর এই মন্তব্য নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক মাত্রাও যোগ করেছে ছবির আলোচনায়।

সব মিলিয়ে, বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত এই ছবিকে ঘিরে যেমন কৌতূহল বাড়ছে, তেমনই বাড়ছে বিতর্কের সম্ভাবনাও। এখন দেখার, বড় পর্দায় এই কাহিনি কতটা নিরপেক্ষভাবে উঠে আসে এবং দর্শক তা কীভাবে গ্রহণ করেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now