ফ্রি-তেই আধার আপডেটের সুযোগ আরও এক বছর! বড় সিদ্ধান্ত কেন্দ্রের, বদল আসছে অ্যাপেও

On: Friday, May 22, 2026 9:19 PM
---Advertisement---

আধার কার্ডে নাম, ঠিকানা বা পরিচয় সংক্রান্ত নথি আপডেট করার কথা ভেবে বারবার পিছিয়ে যাচ্ছিলেন? তাঁদের জন্য বড় স্বস্তির খবর দিল কেন্দ্র। বিনামূল্যে অনলাইনে আধারের নথি আপডেট করার সময়সীমা আরও এক বছর বাড়িয়ে দেওয়া হল। ফলে এখন আগামী ১৪ জুন, ২০২৭ পর্যন্ত কোনও অতিরিক্ত খরচ ছাড়াই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন আধার গ্রাহকেরা।

এই সিদ্ধান্তের কথা জানিয়েছে Unique Identification Authority of India বা ইউআইডিএআই। সংস্থার তরফে প্রকাশিত নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ‘মাইআধার’ পোর্টালের মাধ্যমে পরিচয়পত্র এবং ঠিকানার নথি সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করা যাবে। আগে এই সুবিধার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ১৬ জুন। তার আগেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।

মূলত যাঁদের আধারে পুরনো তথ্য রয়েছে বা বহু দিন ধরে নথি আপডেট করা হয়নি, তাঁদের সুবিধার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ বর্তমানে ব্যাঙ্কিং থেকে সরকারি প্রকল্প— প্রায় সব ক্ষেত্রেই আধার তথ্য নির্ভুল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনলাইনে নথি আপডেট করতে হলে ব্যবহারকারীকে প্রথমে (https://myaadhaar.uidai.gov.in)-এ লগ ইন করতে হবে। আধার নম্বর এবং ক্যাপচা দেওয়ার পর সংশ্লিষ্ট মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি যাচাইয়ের পরেই খোলা যাবে পরিষেবার পাতা। তারপর প্রয়োজনীয় পরিচয়পত্র বা ঠিকানার নথি আপলোড করলেই সম্পূর্ণ হবে আপডেটের প্রক্রিয়া।

তবে এই সুবিধা শুধুমাত্র অনলাইন পোর্টালের ক্ষেত্রেই প্রযোজ্য। অফলাইন সেন্টারে গিয়ে আপডেট করালে নির্দিষ্ট ফি দিতে হতে পারে।

এদিকে আধার পরিষেবায় আরও প্রযুক্তিগত বদলের ইঙ্গিতও দিয়েছে ইউআইডিএআই। সংস্থার তরফে জানানো হয়েছে, পুরনো ‘এম-আধার’ অ্যাপ শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে। তার বদলে ব্যবহারকারীদের জন্য আনা হচ্ছে নতুন আধার অ্যাপ। সেখানে থাকবে সুরক্ষিত কিউআর-ভিত্তিক যাচাইকরণ ব্যবস্থা, তথ্যের গোপনীয়তা নিয়ন্ত্রণের উন্নত সুবিধা এবং আরও সহজ পরিষেবা ব্যবহারের সুযোগ।

ডিজিটাল নিরাপত্তা এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতেই এই নতুন অ্যাপ আনা হচ্ছে বলে জানিয়েছে ইউআইডিএআই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now