নরেন্দ্র মোদীর ১২ বছরের মাইলফলক উদযাপনে দিল্লিতে ‘বাঙালি টুইস্ট’, শুভেন্দুর হাতে তৈরি ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী

On: Wednesday, June 10, 2026 10:12 PM
---Advertisement---

নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে দিল্লিতে আয়োজিত এনডিএর বিশেষ বৈঠকে রাজনৈতিক আলোচনা যেমন ছিল, তেমনই নজর কেড়েছে একেবারে অন্য একটি দৃশ্য। বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতৃত্বের হাতে বাংলার জনপ্রিয় খাবার ঝালমুড়ি তুলে দিতে দেখা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন এনডিএ শরিক দলগুলির নেতারা। সেখানেই নিজের হাতে ঝালমুড়ি মিশিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন শুভেন্দু। শুধু মোদীই নন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সেই ঝালমুড়ির স্বাদ নেন। পরে সমাজমাধ্যমে ছবি পোস্ট করে শাহ লেখেন, ‘‘এনডিএ বৈঠকে টক, মশলাদার এবং মুচমুচে ঝালমুড়ি উপভোগ করলাম।’’

ঘটনাটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। কারণ, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের সময়ও ঝালমুড়ি নিয়ে চর্চা হয়েছিল জাতীয় স্তরে। গত এপ্রিলে ঝাড়গ্রামে নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে একটি স্থানীয় দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই ঘটনার পর রাতারাতি পরিচিতি পেয়ে যান ঝাড়গ্রামের ঝালমুড়ি বিক্রেতা বিক্রমকুমার সাউ।

পরবর্তীতে বিক্রম দাবি করেন, প্রধানমন্ত্রীর সেই সফরের পর তাঁকে বিভিন্ন অচেনা নম্বর থেকে হুমকির মুখে পড়তে হয়েছে। তাঁর অভিযোগ, বিদেশ থেকেও একাধিক বার্তা এসেছে। পরিস্থিতি নিয়ে থানায় অভিযোগ জানানোর পর নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা করা হয় বলে জানা যায়।

এদিকে, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর ১২ বছর পূর্তিকে ঘিরে বিজেপি এবং এনডিএ দেশজুড়ে বিশেষ প্রচারাভিযান শুরু করেছে। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকে টানা দায়িত্ব পালন করছেন তিনি। বিজেপির দাবি, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নিরিখে তিনি নতুন রেকর্ড গড়েছেন।

দলের বক্তব্য, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকলেও ১৯৫২ সালের প্রথম সাধারণ নির্বাচনের আগে পর্যন্ত তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন না। সেই যুক্তিতেই বিজেপি দাবি করছে, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ধারাবাহিক দায়িত্ব পালনের ক্ষেত্রে মোদী নতুন মাইলফলক স্পর্শ করেছেন।

নিজেও এই ১২ বছরের সময়কালকে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘আমাদের সরকার গত ১২ বছরে বিশ্বাস, বিকাশ ও জনকল্যাণের প্রতি সমর্পিত থেকেছে। ১৪০ কোটি দেশবাসীর আশীর্বাদ ও ‘রাষ্ট্রই প্রথম’-এর ভাবনা থেকে আমাদের তরুণ, মহিলা ও কৃষক ভাই-বোনদের ক্ষমতায়নে কোনও কসুর করেনি। আমাদের চেষ্টার ফলে পরিকাঠামো থেকে ডিজিটাল বিপ্লবে আজ ভারত দুনিয়ায় পরিচিতি পেয়েছে। বিকশিত ভারতের সঙ্কল্পকে সত্যি করতে আমরা সেবা, সুশাসন ও সমৃদ্ধির এই পথে নিরন্তর এগোতে থাকব।’’

রাজনৈতিক বার্তার পাশাপাশি দিল্লির বৈঠকে বাংলার ঝালমুড়ি যে আলাদা করে জায়গা করে নিল, তা নিয়ে সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে বিস্তর আলোচনা। প্রধানমন্ত্রীকে ঘিরে রাজনৈতিক মাইলফলকের উদযাপনে তাই এ দিন জাতীয় রাজনীতির মঞ্চে উঠে এল এক টুকরো বাঙালিয়ানাও।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now