টেলিভিশনের পর্দায় তাঁদের প্রেমের গল্প দর্শকদের নজর কেড়েছিল আগেই। এ বার সেই সম্পর্কই বাস্তবে আরও এক ধাপ এগোল। অভিনেতা সৌরভ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় সম্প্রতি সেরে ফেললেন আশীর্বাদ এবং এনগেজমেন্টের অনুষ্ঠান। দীর্ঘ দিন সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও, জীবনের এই বিশেষ মুহূর্ত আর লুকিয়ে রাখলেন না তাঁরা।
ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপি-তেই প্রথম জুটি হিসেবে দর্শকের সামনে আসেন সৌরভ ও শুভস্মিতা। অনস্ক্রিন রসায়ন যে পর্দার বাইরেও জায়গা করে নিয়েছে, তা নিয়ে ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরেই কানাঘুষো চলছিল। যদিও সেই জল্পনায় কখনও সিলমোহর দেননি কেউই।

গত ১০ মে ঘনিষ্ঠদের উপস্থিতিতে হয় তাঁদের আশীর্বাদের অনুষ্ঠান। দু’জনের পোশাকেই ছিল মিল। মেরুন রঙের ঐতিহ্যবাহী সাজে ধরা দেন হবু বর-কনে। সাবেকি শাড়ি ও সোনার গয়নায় সেজেছিলেন শুভস্মিতা। অন্যদিকে পাঞ্জাবিতে দেখা যায় সৌরভকে।
এই বিশেষ দিনের সাজ নিয়ে কতটা পরিকল্পনা ছিল? সেই প্রশ্নে শুভস্মিতা বলেন, “একেবারেই আলাদা কোনও প্ল্যান করিনি। তবে প্রথম থেকেই ভেবে রেখেছিলাম মেরুন পরব। শুধু সেটুকু পরেছি।”

এনগেজমেন্ট হয়ে গেলেও এখনও আইনি বিয়ে সারেননি তাঁরা। খুব শীঘ্রই কি রেজিস্ট্রি? সেই সম্ভাবনা এখনই উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। শুভস্মিতার কথায়, “এখন সত্যিই বিয়ের প্ল্যান নেই। কারণ আমাদের সিরিয়ালটা চলছে। ফলে দু’জনেই খুব ব্যস্ত। রেজিস্ট্রিটা কবে করব, সেটা নিয়েও কথাবার্তা চলছে।”
ধারাবাহিকের সেট থেকেই তাঁদের সম্পর্কের শুরু বলে টলিপাড়ার অন্দরমহলে আলোচনা ছিল অনেক দিন ধরেই। একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট— সব মিলিয়ে অনুরাগীদের নজর এড়ায়নি কিছুই। তবু প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কথা বলতে চাননি তাঁরা।
কেন এত দিন গোপন রাখা হয়েছিল সম্পর্ক? সেই প্রশ্নের উত্তরে শুভস্মিতা বলেন, “সম্পর্কের কথা প্রাইভেট রাখাই তো উচিত। গোপন রেখেছিলাম বলেই হয়তো আমাদের সম্পর্ক পরিণতি পেল।”








