শুভেন্দুর শপথগ্রহণ দেখতে যেতে পারেন আপনিও, তবে মানতে হবে পুলিশের এই কড়া ‘নিষেধাজ্ঞা

On: Friday, May 8, 2026 9:49 PM
---Advertisement---

রবীন্দ্রজয়ন্তীর ভোরে যখন বাঙালির ঘরে ঘরে ‘হে নূতনের জয়গান’ ধ্বনিত হবে, ঠিক তখনই তিলোত্তমার বুকেও ঘটতে চলেছে এক বড় রাজনৈতিক পালাবদল। আগামীকাল, শনিবার পঁচিশে বৈশাখ। একদিকে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী, অন্যদিকে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নতুন মন্ত্রিসভার মেগা শপথগ্রহণ অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে ওইদিন শপথ নেবেন নন্দীগ্রাম ও ভবানীপুর— দুই কেন্দ্র থেকেই জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী।

শপথগ্রহণ ঘিরে একদিকে যেমন উন্মাদনা তুঙ্গে, তেমনই নিরাপত্তার প্রশ্নে কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে ব্রিগেড এখন দুর্গ। গোটা ময়দানকে প্রায় ৩৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে প্রতি ব্লকের দায়িত্বে থাকছেন আইপিএস পদমর্যাদার অফিসাররা। পুরো বিষয়টি নিজে হাতে সামলাচ্ছেন নগরপাল অজয় নন্দ।

সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে থাকছে একগুচ্ছ কড়া নিয়ম। পুলিশ পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমন্ত্রিত অতিথি বা ভিভিআইপি ছাড়া যে কেউ মাঠে আসতে পারলেও সঙ্গে কোনও ব্যাগ, ছাতা বা জলের বোতল রাখা যাবে না। কলকাতা পুলিশ সূত্রে খবর, **“নিরাপত্তার খাতিরে সকলকেই পরীক্ষা করা হবে। ছাতা, ব‍্যাগ, জলের বোতল কিছুই নিয়ে যাওয়া যাবে না। কেউ ওই সব নিয়ে গেলে তাঁদের ফেরানো হবে।”** তাই ভোগান্তি এড়াতে সাধারণ মানুষকে এসব ছাড়াই আসতে পরামর্শ দেওয়া হচ্ছে।

ভিভিআইপি ব্লকের সংখ্যা এবং সেখানে আসা প্রায় ৪০ জন বিশিষ্ট অতিথির কথা মাথায় রেখে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। এসপিজি-র পক্ষ থেকে ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক ও মহড়া শেষ করা হয়েছে। মাঠ সংলগ্ন বহুতলগুলি থেকে নজরদারি চালানোর পাশাপাশি গোটা শহর জুড়েই ড্রোনের মাধ্যমে চলবে কড়া প্রহরা।

শনিবার ভোরেই শহরের যান চলাচলে বড়সড় বদল আনা হচ্ছে। ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে পণ্যবাহী ট্রাক বা বড় গাড়ি ঢোকা নিষিদ্ধ। তবে জরুরি পরিষেবা যেমন— দুধ, মাছ, সব্জি, ওষুধ, অক্সিজেন এবং জ্বালানি বহনকারী গাড়ি এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। কুইনসওয়ে, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড বা এজেসি বোস রোডের একাংশে গাড়ি পার্কিং সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। রবীন্দ্রজয়ন্তীর সকালে যানজট এড়াতে এবং ভিভিআইপি মুভমেন্ট মসৃণ রাখতে প্রয়োজনে আরও কিছু রাস্তা ঘুরিয়ে দেওয়া হতে পারে।

একদিকে তেরঙার আভা, আর অন্যদিকে রবি-স্মরণ— সব মিলিয়ে আগামীকালের ব্রিগেড সাক্ষী হতে চলেছে এক অভূতপূর্ব মুহূর্তের। এখন দেখার, কড়া এই বিধিনিষেধের ঘেরাটোপ পেরিয়ে ঠিক কতটা রঙিন হয়ে ওঠে পঁচিশে বৈশাখের এই মেগা শপথগ্রহণ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now