দেশ জুড়ে এলপিজি সিলিন্ডারের জোগানে টান পড়তেই বিকল্প রান্নার উপায় হিসেবে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে ইন্ডাকশন কুকটপ। শহর থেকে মফস্বল—গৃহস্থালি ব্যবহার হোক বা হোটেল ব্যবসা, সর্বত্রই বেড়েছে এর চাহিদা। বাজারে যেমন বিক্রি বাড়ছে, তেমনই অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফ্লিপকার্ট এবং অ্যামাজন-এও এই পণ্যের চাহিদা বেড়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা।
তবে ব্যবহার বাড়লেও সচেতনতার অভাবেই বিপাকে পড়ছেন অনেকেই। বিশেষ করে নতুন ব্যবহারকারীরা অজান্তেই এমন কিছু ভুল করছেন, যা যন্ত্রের দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে।
ইন্ডাকশন কুকটপ ইলেক্ট্রোম্যাগনেটিক প্রযুক্তির মাধ্যমে কাজ করে। রান্নার সময় এর ভেতরের কয়েল এবং সার্কিট দ্রুত গরম হয়ে ওঠে। কাজ শেষ হলে প্যানেল থেকে বন্ধ করার পরও কিছু সময় পর্যন্ত ভেতরের কুলিং ফ্যান চালু থাকে। এই ফ্যানই যন্ত্রের অতিরিক্ত তাপ বাইরে বের করে, ফলে অভ্যন্তরীণ অংশ সুরক্ষিত থাকে।
কিন্তু অনেকেই রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মেইন সুইচ বন্ধ করে দেন। এই অভ্যাসই সমস্যার মূল। কারণ, সুইচ বন্ধ হয়ে গেলে কুলিং ফ্যানও থেমে যায়। ফলে যন্ত্রের ভেতরে জমে থাকা তাপ বের হতে পারে না। এর ফলে সার্কিট বোর্ড, সেন্সর এমনকি মাদারবোর্ড পর্যন্ত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞদের মতে, ইন্ডাকশন কুকটপ বন্ধ করার পর কিছুক্ষণ বিদ্যুৎ সংযোগ চালু রাখা উচিত, যাতে ফ্যান নিজের কাজ সম্পূর্ণ করতে পারে। এতে যন্ত্রের আয়ু বাড়ে এবং অপ্রয়োজনীয় মেরামতির খরচ থেকেও বাঁচা যায়।
গ্যাস সঙ্কটের এই সময়ে ইন্ডাকশন কুকটপ অনেকের ভরসা হয়ে উঠলেও, সঠিক ব্যবহার না জানলে সেই ভরসাই সমস্যায় পরিণত হতে পারে। তাই সচেতন ব্যবহারই এখন সবচেয়ে বড় চাবিকাঠি।





