চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ এনে দিল রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত পেট্রোলিয়াম (Bharat Petroleum Corporation Limited)। বিভিন্ন বিভাগে অভিজ্ঞ পেশাদার নিয়োগের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি। আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, জুনিয়র এক্সিকিউটিভ, অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ এবং সেক্রেটারি— এই তিন ধরনের পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ২৫০। ইঞ্জিনিয়ারিং বিভাগের জুনিয়র এক্সিকিউটিভ পদে আবেদন করতে হলে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল বা কেমিক্যাল শাখায় ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর এবং কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
অন্যদিকে, সেক্রেটারি পদের জন্য যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি আবশ্যিক। অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ পদে আবেদন করতে হলে রসায়ন, পদার্থবিদ্যা, পলিমার সায়েন্স বা হিন্দিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকা দরকার। প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা যোগ্যতার শর্ত রয়েছে, যা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে সংস্থার বিজ্ঞপ্তিতে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে Bharat Petroleum Corporation Limited-এর ওয়েবসাইটে (https://www.bharatpetroleum.in/)। হোমপেজ থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি খুলে নির্দিষ্ট নির্দেশ মেনে আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। নির্ধারিত আবেদনমূল্যও জমা দিতে হবে প্রার্থীদের।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মে। ফলে সময় নষ্ট না করে যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দিচ্ছে সংস্থা।







