গবেষণার কাজে যুক্ত হতে আগ্রহীদের জন্য বড় সুযোগ নিয়ে এল কেন্দ্রের পরমাণু শক্তি বিষয়ক দফতর। চুক্তিভিত্তিক পদে কর্মী নিয়োগ করা হবে Variable Energy Cyclotron Centre-এ। ইতিমধ্যেই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রিসার্চ অ্যাসোসিয়েট পদে মোট দু’জনকে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের গবেষণামূলক প্রকল্পে কাজ করতে হবে। মূলত ‘অগমেন্টেশন অফ আরআইবি ফেসিলিটি’ প্রকল্পের অধীনে এই নিয়োগ হচ্ছে বলে জানানো হয়েছে।
আবেদনকারীদের পদার্থবিদ্যায় পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক। তবে ফিজ়িক্যাল সায়েন্সেসের অন্য কোনও শাখায় পিএইচডি সম্পূর্ণ করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। গবেষণার অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই প্রাথমিক বাছাই হবে।
প্রথমে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। প্রয়োজনে সেই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে। নির্বাচিতদের প্রতি মাসে ৫৮ হাজার টাকা থেকে ৬১ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হবে।
ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ করা হবে। মেধা ও অভিজ্ঞতার নিরিখে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। আগামী ২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচিতদের কাজ শুরু করার নির্ধারিত তারিখ ১ সেপ্টেম্বর।
আগ্রহীদের ই-মেলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৯ জুন।
বিস্তারিত তথ্য ও আবেদন সংক্রান্ত শর্ত জানতে Variable Energy Cyclotron Centre-এর অফিসিয়াল ওয়েবসাইট (https://www.vecc.gov.in)-এ প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে বলা হয়েছে।





